২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে ফের কারিগরি বিভ্রাট, তদন্ত করবে বিএসইসি

ডিএসইর লেনদেন সফটওয়্যার ওএমএস সেবার মডিউল সংযোজন করতে গিয়ে সমস্যা দেখা দেয়।

ডিএসইতে ফের কারিগরি বিভ্রাট, তদন্ত করবে বিএসইসি

ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 06:08 PM

Updated : 05 Jul 2023, 06:08 PM

আগের বারের কারিগরি ত্রুটির ঘটনা তদন্ত শেষ না হওয়ার মধ্যেই পরপর দুই দিন লেনদেনে বিভ্রাটের কবলে পড়ল ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই।

মঙ্গল ও বুধবার দুই দিনই শেয়ার বেচা-কেনা করতে গিয়ে সমস্যা ভোগেন ডিএসইর বিনিয়োগকারীরা।

বুধবার লেনদেন শুরু হওয়ার পর থেকে সমস্যাটি মাঝে মাঝেই দেখা দেয়ায় লেনদেন বাধাগ্রস্ত হয় বলে বিভিন্ন ব্রোকারেজ হাউজ জানিয়েছে।

শেয়ার কেনার আদেশ দিয়ে নিস্পত্তির ফল না দেখানো, সূচকের ঘর সাদা হয়ে যাওয়া, ক্রয়-বিক্রয় আদেশ না দেখানো, যে কোনো আদেশের ফলাফল আসতে দেরি করা, লেনদেন নিষ্পত্তি হলেও চূড়ান্ত ফল না দেখানোর মতে ঘটনা ঘটতে থাকে। এভাবেই বুধবার লেনদেন শেষ করে ডিএসই।

ডিএসইর লেনদেন সফটওয়্যায়ে ‘ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম)’ সেবার মডিউল সংযোজন করায় এ সমস্যা দেখা দেয়ার কথা জানিয়েছেন কোম্পানির চেয়ারম্যান হাফিজ মো. হাসান বাবু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “লেনদেন সফটওয়্যার আপগ্রেডেশন করতে হয়। ডিএসইর কোনো সেবার মডিউল সংযোজন করতে হয়। ওএমএস সংযোজন করায় কিছুটা ত্রুটি দেখা দিয়েছিল, তা শনাক্ত করা হয়েছে।

“বৃহস্পতিবার লেনদেনের আগেই সমস্যা সমাধান হয়ে যাবে আশা করছি। এজন্য সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।’’

এ সমস্যার মধ্যেও ডিএসইতে বুধবার ৮৯০ কোটি টাকার লেনদেন হয়।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএসইসি সব সময় বিনিয়োগকারীদের স্বার্থে নিরাপদ লেনদেনের পরিবেশ নিশ্চিত করতে তৎপর। ডিএসইর কারিগরি সমস্যার কারণ যাচাই করে দেখতে ইতোমধ্যে কমিশন কার্যক্রম শুরু করেছে।’’

সম্প্রতি তিনটি ব্রোকারেজ প্রতিষ্ঠানকে নিজস্ব ওএমএস ব্যবহারের অনুমতি দিয়েছে ডিএসই। এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও দিয়েছে।

এর মাধ্যমে ডিএসইর সার্ভারে সরাসরি প্রবেশ না করেই ‘ইন হাউস’ ট্রেড করতে পারবে ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলো, যা ডিএসইর মূল লেনদেন সার্ভারের সঙ্গে সময়ে সময়ে তথ্য হালনাগাদ করতে থাকবে স্বয়ংক্রিয়ভাবে।

নতুন এই সেবা চালু করতে গিয়েই লেনদেন বিভ্রাটে পড়ল ডিএসই।

যদিও ডিএসইর লেনদেন বিভ্রাট ও কারিগরি ত্রুটির ঘটনা নতুন নয়। গত বছরও এক সপ্তাহে পরপর দুবার কারিগরি ত্রুটির মধ্যে পড়েছিল এই স্টক এক্সচেঞ্জ।

কারিগরি সমস্যার কারণে গত বছরের ৩১ অক্টোবর ‘বাধ্যতামূলক ছুটিতে’ পাঠানো হয় ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) জিয়াউল করিমকে। তিনি এখনও কাজে ফিরতে পারেননি। ওই ঘটনায় চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে ছুটিতে পাঠায় বিএসইসি।

২০২২ সালের ৩০ অক্টোবর ৭০টির বদলে সব সিকিউরিটিজের সার্কিট ব্রেকার তুলে দেওয়ায় নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা দেরিতে লেনদেন শুরু করেছিল ডিএসই। পরে ‘ভুলবশত’ হয়েছে বলে স্টক এক্সচেঞ্জের পক্ষে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর তিন কার্যদিবস আগে গত ২৪ অক্টোবর সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় দিনের মধ্যখানে প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল ডিএসইর লেনদেন। তখন ডিএসই ‘কারিগরি ত্রুটি’র কথা জানিয়েছিল।

ওই ঘটনার পর বিএসইসি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ডিএসইর পুরো প্রযুক্তি ব্যবস্থার সক্ষমতা যাচাই করতে এ কমিটি গঠন করা হয়েছিল।

কমিটি এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। তবে সাত মাস পরেও ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা পদে ফিরতে পারেননি।