২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই ১৬৯ কোম্পানিতে নতুন করে ‘ফ্লোর প্রাইস’

এসব কোম্পানির ক্ষেত্রে গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত পুঁজিবাজারের দরের ভারিত গড় হবে নতুন ফ্লোর প্রাইস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2023, 05:04 PM

Updated : 01 Mar 2023, 06:13 PM

ফ্লোর প্রাইস তুলে দেওয়া ১৬৯ কোম্পানির সর্বনিম্ন শেয়ারদর নতুন করে বেঁধে দিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

‘ফ্লোর’ তুলে দেওয়ার পর গত ২২ ডিসেম্বর থেকে টানা দরপতনের কারণে বহু কোম্পানি ৩০ শতাংশেরও বেশি দর হারিয়ে ফেলায় সমালোচনার মুখে বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হল।

নিয়ন্ত্রক সংস্থার এক আদেশে জানানো হয়, এসব কোম্পানির ক্ষেত্রে গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত পুঁজিবাজারের দরের ভারিত গড় হবে নতুন ফ্লোর প্রাইস।

পুঁজিবাজারে ‘ফ্লোর’ প্রাইস বহাল থাকায় কিছু কোম্পানির ‘ফ্লোর’ তুলে দিয়ে নতুন করে আরোপের এ ঘটনাটি প্রথমবার ঘটল।

এ সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে চাইলে বিএসইসির মুখপাত্র রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে বলেন, “কমিশনের সব সিদ্ধান্তই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থের কথা ভেবে নেওয়া হয়। এক্ষেত্রেও তাই করা হয়েছে।

“মার্কেটে পারসেপশন ছিল যে, পুঁজিবাজারে দুই নীতি তৈরি হয়েছে। কিছু কোম্পানির ‘ফ্লোর প্রাইস’ আছে এবং কিছু কোম্পানির নেই। এটি নিয়ে অনেকেই কথা বলছিল। এখন সবার জন্য একই নিয়ম করা হল।”

তিনি বলেন, “বিনিয়োগকারীদের সংগঠন, বাজার মধ্যস্ততাকারীদেরও এটি দাবি ছিল। বিভিন্ন মিডিয়াতেও উঠে আসছিল যে, ৩০ থেকে ৪০ শতাংশ দর হারিয়ে ফেলেছিল অনেক কোম্পানি।”

কিন্তু অনেক বিনিয়োগকারী যে এরইমধ্যে ক্ষতির মুখে পড়েছেন, সে কথা তুলে ধরে মুখপাত্রকে প্রশ্ন করা হয়েছিল, কমিশন এ সিদ্ধান্ত নিতে দেরি করে ফেললো কি না।

উত্তরে রেজাউল বলেন, “কমিশনের একটি সিদ্ধান্ত নিতে গেলে তো একটা সময় লাগে। দ্রুত নিতে গেলে তো বাউন্স ব্যাকও করতে পারত।”

গত বছরের ২৮ জুলাই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ মাস পর ৬ হাজার পয়েন্টের নিচে নেমে গেলে তৈরি হয় উৎকণ্ঠা। সেদিন দ্বিতীয়বারের মতো ‘ফ্লোর প্রাইস’ আরোপ করে বিএসইসি, কার্যকর হয় পরের কর্মদিবস ৩১ জুলাই থেকে।

অক্টোবরের প্রথম প্রান্তিক পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন ও সূচকে উত্থান দেখা দেয়। তবে এরপর থেকে শুরু হয় দরপতন ও লেনদেনে খরা। এক পর্যায়ে তা নেমে আসে দুইশ কোটি টাকার নিচে।

পরে ২১ ডিসেম্বর ১৬৯টি কোম্পানির ‘ফ্লোর প্রাইস’ তুলে দিয়ে বিএসইসি এসব কোম্পানির দরপতনের সর্বোচ্চ সীমা কমিয়ে এক শতাংশ করে দেয়। এসব কোম্পানির বেশিরভাগই স্বল্প মূলধনী। ফলে এগুলোর দরপতন বা উত্থানে সূচকে প্রভাব পড়ে না খুব একটা।  

ফ্লোর তোলার সময় বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, বেঁধে দেওয়া সর্বনিম্ন দরে ক্রেতা না থাকায় বাজার ব্যবস্থাপকদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারা আশা করেছিল, দাম কমলে ক্রেতা আসবে। কিন্তু হয় উল্টোটি।

এমন বহু কোম্পানি আছে, প্রায় এক শতাংশ হারে দর কমতে কমতে ৩৫ শতাংশ বা তার চেয়ে বেশি দর কমে গেছে। প্রতিদিন এক শতাংশের কাছাকাছি দর কমার পর শেয়ারের ক্রেতা পাওয়া যাচ্ছিল না। ফলে লেনদেনও বাড়েনি।

প্রায় পৌনে দুই শ কোম্পানির ফ্লোর তুলে দেওয়ার পর বাকি কোম্পানিরও ফ্লোর উঠে যাবে, এমন গুজব ছড়ায় মাঝে। তাতে বাজার ফের পতনের মুখে পড়ে।

পুঁজিবাজারে বিনিয়োগ প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএলের সাবেক গবেষণা প্রধান দেবব্রত কুমার সরকার মনে করেন, পুঁজিবাজার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিএসইসি তাড়াহুড়া করে এবং সেগুলো বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস নষ্ট করে। এই ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দেওয়ার ক্ষেত্রেও ‘তাই হয়েছে’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফ্লোর তুলে দিয়ে এই এক শতাংশের সীমা আরোপ কোনো চিন্তাভাবনা করে করা হয়েছিল বলে মনে করি না। বিএসইসি হুটহাট করে সিদ্ধান্ত নেয়, যা পরে পুঁজিবাজারের জন্য ভালো হয়নি।

“ফ্লোর তুলে দিয়ে দরপতনের সর্বোচ্চ সীমা এক শতাংশ করার ঘোষণাটা হয়েছিল সেটা অবশ্যই বাজার ব্যবস্থাপকদের অনুরোধের কারণে। কিন্তু পরে এটি সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের অনুকূলে যায়নি। অনেক শেয়ার আছে যেগুলো ক্রমাগত এক শতাংশ হারে কমেছে। আর এই হারে কমলেই আর ক্রেতা আসছিল না।”

তবে বিএসইসি তাড়াহুড়ো করেছে, এটি মানতে নারাজ কমিশনের মুখপাত্র।

তিনি বলেন, “সিদ্ধান্তটা ভেবেচিন্তে, গবেষণা করেই নেওয়া হয়েছিল। বাজার মূলধনের ৫ শতাংশ, এমন কোম্পানির ফ্লোর তুলে দিয়ে এর প্রতিক্রিয়াটা কী হয়, সেটা দেখার জন্যই এটি করা হয়েছিল।”

ফ্লোর প্রাইস নিয়ে যা হয়েছে

২০২০ সালের ৮ মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়লে পুঁজিবাজারে যে ধস নামে, সে সময় ১৯ মার্চ বিএসইসি প্রথমবারের মত ‘ফ্লোর প্রাইস’ আরোপ করে। সে সময় এই উদ্যোগ সফলও হয়েছিল।

৬৬ কর্মদিবস সাধারণ ছুটি শেষে ২০২০ সালের মে মাস থেকে পুঁজিবাজার উত্থানে ফেরে। ২০২১ সালের ৭ এপ্রিল প্রথমবারের মত ৬৬টি কোম্পানির ‘ফ্লোর প্রাইস’ প্রত্যাহার করে একদিনে সেগুলোর দরপতনের সর্বোচ্চ সীমা ২ শতাংশ করা হয়।

দ্বিতীয় ধাপে ৩ জুন প্রত্যাহার করা হয় আরও ৩০টি কোম্পানির ‘ফ্লোর’। এই ৯৬টি কোম্পানির চিত্র পর্যালোচনা করে ১৭ জুন ফ্লোর প্রাইস পুরোপুরি তুলে দেওয়া হয়।

ইউক্রেইন যুদ্ধ শুরুর পর ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে পুঁজিবাজারে যে দরপতন দেখা দেয়, তার মধ্যে গত ২৮ জুলাই ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্ম নেমে আসে ছয় হাজার পয়েন্টের নিচে। সেদিনই সব কোম্পানির ফ্লোর প্রাইস আরোপ করে তা ৩১ জুলাই থেকে কার্যকরের ঘোষণা দেওয়া হয়। 

বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম জানিয়েছেন, তিনি বাজারে এভাবে ‘হস্তক্ষেপের’ বিরুদ্ধে। কিন্তু ইচ্ছার বাইরে গিয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।