২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ সপ্তাহের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেবেন ডিএসইর পদত্যাগী এমডি

পদত্যাগপত্রে তারিক আমিন বলেছেন, ‘যেভাবে’ চাইছিলেন, সেভাবে তিনি ডিএসইতে কাজ করতে পারছেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 10:52 AM

Updated : 26 Aug 2022, 04:16 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছে ডিএসইর পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার ডিএসইর জরুরি পর্ষদ সভায় তারিক আমিনের পদত্যাগপত্র গ্রহণ করার সিদ্ধান্ত হয় বলে এক্সচেঞ্জের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান জানান।

তিনি বলেন, “তাকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার জন্য।”

গত ২৩ অগাস্ট ই-মেইলে ডিএসই চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠান এমডি তারিক আমিন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই জরুরি পর্ষদ সভা ডাকে ডিএসই।

ইউনুসুর রহমান বলেন, দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত তারিক আমিনই এমডির দায়িত্ব পালন করবেন।

গত বছরের ৪ জুলাই ডিএসই বোর্ড তারিক আমিনকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেয়। দায়িত্ব নেওয়ার ১৩ মাসের মাথায় তিনি পদত্যাগ করলেন।

পুরনো খবর:

ডিএসই এমডি তারিক আমিনের পদত্যাগ

তার নিয়োগ এখনো স্থায়ী না হওয়ায় নিয়ম মানতে তাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে, যদিও তারিক আমিন আগামী অক্টোবর পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে চেয়েছিলেন।

তার পদত্যাগের কারণ জানতে চাইলে ইউনুসুর রহমান বলেন, “তিনি ই-মেইলে লিখেছেন, যেভাবে ডিএসইতে কাজ করতে চাচ্ছেন, ঠিক সেভাবে পারছেন না বলে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চেয়েছেন।”