২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই এমডি তারিক আমিনের পদত্যাগ

দায়িত্ব নেওয়ার ১৩ মাস পর পদত্যাগ করলেন তারিক আমিন ভূঁইয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 11:02 PM

Updated : 23 Aug 2022, 11:02 PM

পদত্যাগ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়া।

মঙ্গলবার ডিএসই চেয়ারমান মো. ইউনুসুর রহমানের কাছে তিনি পদত্যাগপত্র পাঠান।

ই-মেইলে তার পদত্যাগপত্র পাওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন ইউনুসুর রহমান।

তারিক আমিন ১৩ মাস আগে ঢাকার পুঁজিবাজারের নির্বাহী প্রধানের দায়িত্ব নিয়েছিলেন।

তার পদত্যাগের কারণ জানতে চাইলে ইউনুসুর বলেন, ‘তিনি ই মেইলে আমাকে পদত্যাগপত্র পাঠিয়েছেন আজ দুপুর বেলা। আমি তা রাতে দেখেছি।

“তিনি লিখেছেন, যেভাবে ডিএসইতে কাজ করতে চাচ্ছেন, ঠিক সেভাবে পারছেন না। তাই আগামী অক্টোবর মাসের শেষের দিকে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চেয়েছেন।”

তারিক আমিনকে ‘গুড ম্যান’ অভিহিত করে ইউনুসুর রহমান বলেন, “তার আইটি সম্পর্কে দক্ষতা আছে... চাকরি পেতে সমস্যা হবে না।”

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করা তারিক আমিন পরে অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য সংক্রান্ত তথ্য প্রযুক্তি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

ডিএসইতে যোগ দেওয়ার আগে তিনি দেশি-বিদেশি বিভিন্ন আর্থিক সংস্থায় কাজ করেন।