২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ওয়েবসাইটে ভুল তথ্য: ডিএসইর ৪ কর্মকর্তা ‘বরখাস্ত’

তারা সবাই মার্কেট অপারেশন বিভাগের কর্মকর্তা।

ওয়েবসাইটে ভুল তথ্য: ডিএসইর ৪ কর্মকর্তা ‘বরখাস্ত’
ঢাকা স্টক এক্সচেঞ্চ ভবন। ছবি: মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2023, 11:42 PM

Updated : 10 Feb 2023, 03:16 AM

কোম্পানির দেওয়া তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ভুলভাবে প্রকাশ করায় একই বিভাগের চার কর্মকর্তাকে ‘বরখাস্ত’ করেছে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জটি।

বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার পৃথক অফিস আদেশে মার্কেট অপারেশন বিভাগের এসব কর্মকর্তার বিরুদ্ধে এমন পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।

ডিএসইর জনসংযোগ বিভাগের প্রধান উপ মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, চার কর্মকর্তাকে ‘বরখাস্ত’ করা হয়েছে।

তাদের একজন সহকারী মহাব্যবস্থাপক (এজিএম), একজন ব্যবস্থাপক ও অপর দুইজন কর্মকর্তা।

ডিএসইর ওয়েবসাইটে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন সংক্রান্ত ভুল তথ্য প্রকাশের পাশাপাশি তথ্য ও নিয়ম বহির্ভূতভাবে বোনাস শেয়ার দেওয়ার পরও তা যাচাই না করে প্রকাশ করায় তাদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক পদক্ষেপ বলে স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা জানান।

সরাসরি 'বরখাস্ত' আদেশের আগে তাদের এ বিষয়ে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়নি বলে জানিয়েছেন অন্য কর্মকর্তারা।

তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা।

গত ১ ফেব্রুয়ারি ডিএসইর ওয়েবসাইটে তালিকাভুক্ত বিচ হ্যাচারির তথ্য প্রকাশের কয়েক ঘণ্টা পর তা সংশোধন করা হয়। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২৯ হলেও প্রথমে তা ৩১ পয়সা দেখানো হয়েছিল। পরে তা সংশোধন করা হয়। 

এর আগের দিনই এক্সচেঞ্জের ওয়েবসাইটে ইস্টার্ন কেবলসের ইপিএস প্রকাশের দু’ঘণ্টা পর তা সংশোধন করা হয়। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ২৮ পয়সা হলেও প্রথমে তা লোকসান দেখানো হয়েছিল।

এরকম আরও কয়েকটি কোম্পানির আর্থিক প্রতিবেদন সংক্রান্ত প্রকাশের পর তা সংশোধন করা হয়, যা নিয়ে বিনিয়োগকারীরা ক্ষোভ প্রকাশ করে ডিএসইর সমালোচনা করে আসছিলেন।