২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মাস পর পুঁজিবাজারে লেনদেন হাজার কোটির ঘরে

চলতি অর্থবছরের ছয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে যোগ হয়েছে ২৬৬ পয়েন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 05:50 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

দিনের শুরুতে ঊর্ধ্বমুখী ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক শেষ বেলাতেও হতাশ করেনি বিনিয়োগকারীদের। 

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স এ যোগ হয়েছে ৩০ পয়েন্ট। হাতবদল হয়েছে এক হাজার ১৯ কোটি টাকার শেয়ার। 

এর আগে গত ৭ মে লেনদেন হাজার কোটি টাকার ঘর পার করেছিল। তারপর গত দুই মাস হাজারের নিচেই ঘোরাফেরা করছিল।  

বাজার সংশ্লিষ্টরা বলছেন, উত্থানের বাজারে পুরনো বিনিয়োগকারীরা মার্জিন ঋণ নেওয়া শুরু করেছেন। তাতে অর্থ বিনিয়োগের সক্ষমতা বেড়ে যাওয়ায় বাজারে তারল্য যোগ হচ্ছে। সে কারণেই বেড়েছে সূচক ও লেনদেন।

আগের দিনের ‘মুনাফা’ তুলে নেওয়ার প্রবণতার পর বাজারে সূচকের মিশ্র প্রবণতা দেখা দিতে পারে এমন আভাস ছিল। শেষ বেলায় সূচক ও লেনদেনের উত্থানে বাজারের প্রতি বিনিয়োগকারীরা আরো আশাবাদী হয়ে ওঠেন।

মঙ্গলবার সাড়ে চার ঘণ্টার লেনদেনে প্রথম পৌনে দুই ঘণ্টা সূচক নেমেছিল। পরবর্তী প্রায় দুই ঘণ্টার পুরোটা সময়ে লেনদেন চলে সূচকের উত্থানে। তাতে অধিকাংশ শেয়ারের দর বেড়ে যায়।

লেনদেন শেষ হয় সূচকের ঘরে ৫ হাজার ৫৯৪ পয়েন্ট নিয়ে। আগের দিন সূচক ছিল ৫ হাজার ৫৬৪ পয়েন্টে।

এ নিয়ে চলতি অর্থবছরের ছয় কর্মদিবসে সূচকে যোগ হয়েছে মোট ২৬৬। ডিএসই সূচক এর চেয়ে ভালো অবস্থানে ছিল গত ১৩ মে, ৫ হাজার ৬৬৬ পয়েন্টে।

মঙ্গলবার লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ২৩৭টির দর বেড়েছে, ১১১টির কমেছে এবং ৪৫টি কোম্পানির শেয়ার আগের দরে লেনদেন হয়েছে।  

২০২০ সালের সেপ্টেম্বর থেকেই দর সংশোধনের বৃত্তে থাকা পুঁজিবাজার ২০২২ সালের শুরুর দিকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু ওই বছরের ফেব্রুয়ারির শেষে ইউক্রেনে রাশিয়ার হামলা, দেশে রিজার্ভে পতন, ডলার সংকটসহ নানা কিছুর প্রভাব পড়ে বাজারে।

এর মধ্যে নতুন অর্থবছর থেকে পুঁজিবাজারে ৫০ লাখ টাকা মূলধনি মুনাফায় কর বসানোর প্রস্তাব ও পরিচালকদের শেয়ার হস্তান্তরে উৎসে কর বাড়ানোর খবরে আবার দরপতন শুরু হয়। অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে এই বিষয়টি ফিরিয়ে আনেন।

গত জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে পুঁজিবাজারে ধীরে ধীরে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে থাকে, শেয়ারগুলো হারানো দর একটু একটু করে ফিরে পেতে থাকে।

এক টানা ছয় দিনের উত্থানে শেয়ার বিক্রির চেয়ে কেনার প্রবণতা বাড়ছে বিনিয়োগকারীদের। অনেকেই মার্জিন ঋণ পরিশোধে শেয়ার বিক্রি করেছিলেন গত দুই মাসের পতনের বাজারে।

এখন তাদের অনেকের পুনরায় ঋণ নেয়ার সুযোগ তৈরি হয়েছে। বাজার ঘুরে দাঁড়ানোর সময়ে মার্জিন ঋণ নিয়েও বিনিয়োগকারীরা শেয়ার কিনছেন বলে মনে করেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাজার আপট্রেন্ডে যাচ্ছে। নতুন অর্থ প্রবাহ বাড়ায় লেনদেন বাড়বে। সূচক ও লেনদেন সামনের দিকেই যাবে মনে করছি।”

সর্বোচ্চ শেয়ার দর বৃদ্ধি

মুনাফা ‍তুলে নেওয়ার মধ্যেও মঙ্গলবার ডিএসইর লেনদেনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ঔষধ ও রসায়ন খাত। দিন শেষে মোট লেনদেনের ১৫ শতাংশের বেশি অবদান রেখেছে এ খাতে তালিকাভুক্ত ৩৩টি কোম্পানি।

সবচেয়ে বেশি মুনাফা তুলে নেওয়ায় এ খাতের লেনদেনে আসা কোম্পানির ২১টিরই শেয়ার দর বেড়েছে। কমেছে ১১টির।

১২ শতাংশ ভূমিকা রেখে দ্বিতীয় অবস্থানে উঠে আসে বস্ত্র খাত। এ খাতের ৪৩টি কোম্পানির শেয়ার দর বেড়ে কমেছে ১০টির। আর তৃতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতের কোম্পানি। 

১০ শতাংশের মত দর বেড়েছে স্যালভো কোম্পানির শেয়ার দর। দ্বিতীয় সর্বোচ্চ ৯ দশমিক ৯৩ শতাংশ দর বেড়েছে আলোচিত কাট্টালি টেক্সটাইলস। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ দশে ছিল বিচ হ্যাচারি, এইচ আর টেক্স, দেশ বন্ধু পলিমার।

নিয়ন্ত্রক সংস্থার নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন কোনো কোম্পানির শেয়ারদর ৩ শতাংশের বেশি কমতে পারে না। লেনদেন শেষে দর পতনের তালিকায় ছিল রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড।