২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর এসএমই সূচকে বড় পতন, ডিএসইএক্সও কমেছে

সপ্তাহের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারে বড় দরপতন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 11:20 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

এতে রোববার এসএমই সূচক ডিএসএমইএক্স কমেছে ৬ দশমিক ৯৮ শতাংশ।

দেড় মাস ধরে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সসহ অন্যান্য সূচক পতনের ধারায় থাকলেও বেড়েই চলছিল এসএমই সূচক। রোববার হঠাৎ করেই বড় পতন দেখা গেল স্বল্পমূলধনি কোম্পানিগুলো নিয়ে গঠিত এ সূচকে।

সপ্তাহের প্রথম দিনের লেনদেনে এদিন মূল বাজারেও বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। ডিএসইএক্স সূচক কমেছে ২০ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ।

এদিন ডিএসইর এসএমই সূচকে তালিকাভুক্ত ১৪টি কোম্পানির মধ্যে লেনদেন হওয়া ১২টি শেয়ারের দাম কমে যায়।

সবচেয়ে বেশি ১০ শতাংশ দাম কমেছে কৃষিবিদ ফিডের। এছাড়া মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের দাম কমেছে ৯ দশমিক ৪৮ শতাংশ। বিডি পেইন্টসের ৯ দশমিক ৪৭ শতাংশ ও ওরাইজা এগ্রোর দাম কমেছে ৯ দশমিক ৩৫ শতাংশ।

মূল বাজারে পতন, ডিএসইর এসএমই বোর্ডে পোয়াবারো  

ডিএসই পরিচালক শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, “এসএমই কোম্পানিগুলোর শেয়ারের দাম অনেক বেড়েছে। অনেকেই হয়ত মুনাফায় আছে। মুনাফায় থাকা বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিচ্ছে। এজন্য সব শেয়ারের দাম কমে গেছে।”

এ বছর ৩১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত দেড় মাসে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৫৮ শতাংশ। কিন্তু একই সময় এসএমই সূচক ডিএসএমইএক্স বাড়ে ১০৯ দশমিক ৩০ শতাংশ।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ৩০ কোটি টাকার কম মূলধনের কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণে মূলধন তোলার সুযোগ দিতে এসএমই প্ল্যাটফর্ম চালু করে ডিএসই। সেজন্য আলাদা বিধি করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। পর্যায়ক্রমে মূল মার্কেটে থাকা স্বল্প মূলধনি অন্য কোম্পানিগুলোকেও এ বোর্ডে আনার পরিকল্পনা করছে নিয়ন্ত্রক সংস্থা।

এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানিগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রথম দিকে সাধারণ বিনিয়োগকারীদের লেনদেন করাটা কঠিন করে দেওয়া হয়েছিল। বেঁধে দেওয়া হয়েছিল ৫০ লাখ টাকার শর্ত। পরে ১৭ ফেব্রুয়ারি তা কমিয়ে ২০ লাখ টাকায় নামিয়ে আনা হয়।

এরপর এ বাজারের লেনদেনে বিনিয়োগকারীর সংখ্যা বাড়তে থাকে, লেনদেনেও উন্নতি হয়।