২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার থেকে ৫ কোটি টাকা তুলবে স্টার অ্যাডহেসিভ

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমই) খাতের স্টার অ্যাডহেসিভ লিমিটেডকে ১০ টাকা দামের ৫০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ৫ কোটি টাকা মূলধন তোলার অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 11:42 PM

Updated : 02 Aug 2022, 02:55 PM

বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্টার অ্যাডহেসিভ এই ৫ কোটি টাকা দিয়ে করাখানা সংস্কার করবে। এর কিছু অংশ তারা চলতি মূলধন হিসেবে ব্যবহার করবে এবং ঋণ পরিশোধ করবে। বাকিটা ইস্যু ব্যবস্থাপনার কাজে খরচ হবে।   

এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন বাংলাদেশের সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, চেয়াম্যান হিসেবে আছেন তাবাসসুম কায়সার।

স্টার অ্যাডহেসিভ ২০২০-২১ অর্থবছরে ২ কোটি ৬৯ লাখ টাকা মুনাফা করেছে। তার আগের দুবছর মুনাফা ছিল যথাক্রমে ৮৮ লাখ টাকা এবং ১ কোটি ৬৫ লাখ টাকা।

বিএসইসির অনুমোদন পাওয়ায় এ কোম্পানি এখন এসএমই মার্কেটে তালিকাভুক্ত হবে। প্রথম তিন বছর ‍বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে না দেওয়ার শর্ত দেওয়া হয়েছে তাদের।

এই আইপিও প্রচলিত পাবলিক অফার নয়, অর্থাৎ সব সাধারণ বিনিয়োগকারী এই শেয়ার কিনতে পারবেন না।

ক্ষুদ্র ও মাঝারি খাতের এসব কোম্পানিতে বিনিয়োগ সাধারণত ঝুঁকিপূর্ণ হয় বলে এতে সবার বিনিয়োগের সুযোগ রাখা হয়নি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, শুধু ‘যোগ্য’ বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এ শেয়ারে বিনিয়োগ করতে পারবেন।

পাশাপাশি পুঁজিবাজারে যেসব দেশি বা বিদেশি ব্যক্তির বাজারমূল্যে অন্তত ৫০ লাখ টাকার বিনিয়োগ আছে, তারা এসএমই বোর্ডের আইপিওতে বিনিয়োগ করতে পারেন।