প্রিমিয়ার সিমেন্টের প্রেফারেন্স শেয়ার অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডকে ৩১০ কোটি ৭৫ লাখ টাকার প্রেফারেন্স শেয়ার ছেড়ে তহবিল সংগ্রহের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কোম্পানিটির প্রেফারেন্স শেয়ারের প্রতি ইউনিটের দাম হবে ২৫ লাখ টাকা। এর মধ্যে ২৩৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার বিক্রি করা হবে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে।
প্রিমিয়ার সিমেন্টের এই প্রেফারেন্স শেয়ারের মেয়াদ হবে পাঁচ বছর। শেয়ারের লভ্যাংশ হবে ৬ দশমিক ২৫ শতাংশ থেকে ৭ দশমিক ৭৫ শতাংশ।
বাকি ৭৫ লাখ টাকা কোম্পানির উদ্যোক্তা পরিচালকের কাছে বিক্রি করা হবে। এই প্রেফারেন্স শেয়ারের মেয়াদ হবে ১২ বছর এবং কোনো লভ্যাংশ থাকবে না।
প্রেফারেন্স শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে তোলা অর্থ দিয়ে কোম্পানির মুনাফা বাড়ানো হবে এবং খরচ কমানো হবে বলে জানিয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড।
প্রেফারেন্স শেয়ার হবে পুরোপুরি রিডিমেবেল, অর্থাৎ মেয়াদ শেষে এর পুরো টাকা ফেরত দেওয়া হবে। এছাড়া এটা নন-কনভার্টেবল, অর্থাৎ এই শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর করা যাবে না।
একই সঙ্গে এটা নন-পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার, অর্থাৎ কোম্পানি অনেক ভাল মুনাফা করলেও এর লভ্যাংশ পরিবর্তন হবে না কিংবা বাড়বে না।
এটা কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার হওয়ায় প্রতি বছর এর মুনাফা দিতে হবে এবং কোনো এক বছর না দিলে পরের বছর সেটা দিতে হবে।
প্রেফারেন্স শেয়ার হচ্ছে ঋণপত্রের মত এখানে সাধারণ শেয়ারের মত ভোটিং রাইট থাকে না।
