২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেল কৃষিবিদ সিড

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের প্রতিষ্ঠান কৃষিবিদ সিড লিমিটেডকে শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 10:14 PM

Updated : 28 Apr 2022, 11:34 PM

সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)  সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসএমই খাতের কোম্পানিটি ১০ টাকা দামে ১ কোটি ১৬ লাখ শেয়ার বিক্রি করে দেশের পুঁজিবাজার থেকে ১১ কোটি ৬০ লাখ টাকার মূলধন সংগ্রহ করতে পারবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোয়ালিফায়েড ইনভেস্টর অফার (কিআইও) এর মাধ্যমে সংগ্রহ করা এই অর্থ প্রতিষ্ঠানটি কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং ইস্যু ব্যবস্থাপনার কাজে খরচ করবে।

কৃষিবিদ সিড লিমিটেড এর ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

২০১৬ সাল থেকে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের বীজ উৎপাদন করে আসছে। কোম্পানিটির চেয়ারম্যান মো. আলি আফজাল ও ব্যবস্থাপনা পরিচালক শরিফ মোহাম্মদ তাসলিম রেজা ।

২০১৭-১৮ অর্থবছরে ৪৪ লাখ ৫৩ হাজার টাকা মুনাফা করেছে কৃষিবিদ সিড। পরের অর্থবছরে মুনাফা করেছে ৫০ লাখ টাকা। এর পর থেকে প্রতিষ্ঠানটির মুনাফা বাড়তে শুরু করে।

কৃষিবিদ সিড লিমিটেডের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে ১ কোটি ৫ লাখ টাকা এবং ২০২০-২১ সালে ১ কোটি ৮৭ লাখ টাকা মুনাফা করেছে।

কিআইও’র মাধ্যমে তহবিল সংগ্রহের অনুমোদনে কৃষিবিদ সিডকে তালিকাভুক্তির পরের তিন বছর লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার না দেওয়ার শর্ত দেওয়া হয়েছে।

কৃষিবিদ সিড লিমিটেডের এই কিআইও প্রচলিত আইপিও বা প্রাথমিক পাবলিক অফার নয়, অর্থাৎ সাধারণ বিনিয়োগকারী এই শেয়ার কিনতে পারবেন না।

ক্ষুদ্র ও মাঝারি খাতের এসব কোম্পানিতে বিনিয়োগ সাধারণত ঝুঁকিপূর্ণ হওয়ায় কৃষিবিদ সিড লিমিটেড এর শেয়ার কেনার মাধ্যমে সবার বিনিয়োগের সুযোগ রাখা হয়নি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র নিয়ম অনুযায়ী, শুধু যোগ্য বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এমন শেয়ারে বিনিয়োগ করতে পারবেন।

মিউচুয়াল ফান্ড অনুমোদন

এসএএমএল গ্রোথ ফান্ড নামে এদিন একটি মেয়াদহীন মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা, যার মধ্যে উদ্যোক্তার অংশ ২ কোটি ৫০ লাখ টাকা। বাকি ২২ কোটি ৫০ লাখ বিনিয়োগকারীদের জন্য রাখা হয়েছে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

মিউচুয়াল ফান্ডটির উদ্যোক্তা হিসেবে রয়েছে শাহাজালাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

এসএএমএল গ্রোথ ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ব্রাক ব্যাংক লিমিটেড।