প্রতি শেয়ারে ৩০ টাকা লাভ দেবে বার্জার
পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড অর্থবছরের নয় মাসের হিসাবে বিনিয়োগকারীদের জন্য ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
৩০০ শতাংশ নগদ লভ্যাংশ মানে বার্জারের বিনিয়োগকারীরা প্রতি শেয়ারে ৩০ টাকা করে পাবেন।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
সেই সঙ্গে নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে বার্জার, সেখানে সর্বশেষ প্রান্তিকে তাদের মুনাফা কমার খবর এলেও নয় মাসের হিসাবে আগের বছরের চেয়ে মুনাফা বেশিই থাকছে।
অক্টোবর-ডিসেম্বর সময়ে প্রতি শেয়ারে ১৭ টাকা ৫২ পয়সা মুনাফা করেছে এ কোম্পানি। আগের বছর এই সময় তাদের প্রতি শেয়ারে মুনাফা ছিল ১৯ টাকা ৪৫ পয়সা।
আর ৯ মাসে (এপ্রিল-ডিসেম্বর) তারা প্রতি শেয়ারে মুনাফা করেছে ৪৩ টাকা ১৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ৩৬ টাকা ৩ পয়সা ছিল।
এই সময়ে বার্জারের শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ কমেছে।
এপ্রিল-ডিসেম্বর সময়ে তাদের প্রতি শেয়ারে নগদ অর্থ প্রবাহ হয়েছে ২৫ টাকা ৮৯ পয়সা, যা আগের বছর ৪৪ টাকা ৫৫ পয়সা ছিল।
এই নয় মাসে প্রতি শেয়ারে বার্জারের সম্পদ মূল্য হয়েছে ২৩৮ টাকা ৪৫ পয়সা, আগের বছর যা ২৩২ টাকা ৭৮ পয়সা ছিল।
বার্জার পেইন্টস জানিয়েছে, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় শেষ প্রান্তিকে তাদের মুনাফা কমেছে।
আর আগামী তিন মাসের এর জন্য বাড়তি পণ্য বানিয়ে রাখতে হওয়ায় নগদ অর্থ প্রবাহ কমেছে।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।
২০২০-২১ অর্থবছরে বার্জার পেইন্টস ২৬৯ কোটি ১৫ লাখ টাকা মুনাফা করেছিল; লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ৩৭ টাকা ৫০ পয়সা।
তার আগে ২০১৯-২০ অর্থবছরে বার্জার পেইন্টস ২৪২ কোটি ২১ লাখ টাকা মুনাফা করেছিল; শেয়ার প্রতি ২৯ টাকা ৫০ পয়সা লভ্যাংশ দিয়েছিল।
পুঁজিবাজারে এ কোম্পানির ৪ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৮৮০টি শেয়ার আছে। এর মধ্যে ৯৫ শতাংশ আছে পরিচালকদের হাতে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৩ দশমিক ৭১ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে ১৪ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১ দশমিক ১৫ শতাংশ শেয়ার আছে।
বার্জার পেইন্টসের বর্তমান বাজার মূলধন ৮ হাজার ২৫২ কোটি ৪৮ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৪৬ কোটি ৩৮ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ১ হাজার ৩২ কোটি ৯৯ লাখ টাকা।
