২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফা বেড়েছে বেক্সিমকোর দুই কোম্পানির

বেক্সিমকো গ্রুপের দুটি কোম্পানি অর্থবছরের ছয় মাসে আগের তুলনায় ভালো মুনাফা দেখিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2022, 03:08 PM

Updated : 02 Aug 2022, 02:47 PM

ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানির (বেক্সিমকো) শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ টাকা ৭৫ পয়সা বা ৩৫২ শতাংশ বেড়েছে।

আর একই সময়ে এ গ্রুপের আরেক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মুনাফা বেড়েছে ২টাকা ১৭ পয়সা বা ৪৪ শতাংশ।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েসবসাইটে মুনাফর এই তথ্য প্রকাশ করেছে বেক্সিমকো।

বেক্সিমকো

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) তাদের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর সময়ে প্রতি শেয়ারে ৪ টাকা ৫৬ পয়সা মুনাফা করেছে। আগের বছর এই সময় তাদের প্রতি শেয়ারে ১ টাকা ৭৮ পয়সা মুনাফা ছিল।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) সময়ে তারা প্রতি শেয়ারে মুনাফা করেছে ৮ টাকা ৬৭ পয়সা। আগের বছর এই সময় তাদের প্রতি শেয়ারে ১ টাকা ৯২ পয়সা মুনাফা ছিল।

এই সময়ে বেক্সিমকোর শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহও বেড়েছে।

জুলাই-ডিসেম্বর সময়ে তাদের প্রতি শেয়ারে নগদ অর্থ প্রবাহ হয়েছে ১৪ টাকা ৬২ পয়সা, যা আগের বছর ১৩ টাকা ৫৫ পয়সা ছিল।

এই ছয় মাসে প্রতি শেয়ারে সম্পদ মূল্য হয়েছে ৮৩ টাকা ৭২ পয়সা; আগের বছর এই সময়ে প্রতি শেয়ারে সম্পদ মূল্য ছিল ৭৮ টাকা ২৮ পয়সা। 

মুনাফা বাড়ার কারণ হিসেবে বেক্সিমকো জানিয়েছে, বাজারে তাদের পণ্যের চাহিদা বেড়েছে। আবার পিপিই তৈরির ব্যবসা থেকে তারা ভালো মুনাফা করেছে। মুনাফা বৃদ্ধির পেছনে ব্যবসার মৌসুমেরও ‘একটি প্রভাব আছে’ বলে তারা জানিয়েছে।

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘বি’ ক্যাটাগরিতে।

২০২০-২১ অর্থবছরে বেক্সিমকো ৬৬০ কোটি ৬ লাখ টাকা মুনাফা করেছিল; লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ৩ টাকা ৫০ পয়সা। তার আগের অর্থবছরে ৪৪ কোটি ৬২ লাখ টাকা মুনাফা করে প্রতি শেয়ারে ৫০ পয়সা লভ্যাংশ দিয়েছিল বিনিয়োগকারীদের।

পুঁজিবাজারে এ কোম্পানির ৮৭ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ৮৭৯টি শেয়ার আছে। এর মধ্যে ৩৩ দশমিক ৩৫ শতাংশ আছে পরিচালকদের হাতে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২৬ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে ১ দশমিক ১৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৯ দশমিক ৫০ শতাংশ শেয়ার আছে।

বেক্সিমকোর বর্তমান বাজার মূলধন ১৩ হাজার ৪৫১ কোটি ৪৯ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৮৭৬ কোটি ৩২ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৫ হাজার ৮১৫ কোটি ৮৪ লাখ টাকা।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস

পুঁজিবাজারে ওষুধ খাতে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস তাদের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর সময়ে প্রতি শেয়ারে ৩ টাকা ৮৪ পয়সা মুনাফা করেছে। আগের বছর এই সময় তাদের প্রতি শেয়ারে ২ টাকা ৫৪ পয়সা মুনাফা ছিল।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) তারা প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ৭ টাকা ১২ পয়সা, যা আগের বছর একই সময়ে ৪ টাকা ৯৫ পয়সা ছিল।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহও বেড়েছে এই সময়ে।

জুলাই-ডিসেম্বর সময়ে তাদের প্রতি শেয়ারে নগদ অর্থ প্রবাহ হয়েছে ৮ টাকা ২২ পয়সা, যা আগের বছর ৪ টাকা ৯১ পয়সা ছিল।

এই ছয় মাসে প্রতি শেয়ারে সম্পদ মূল্য হয়েছে ৮৬ টাকা ৬৫ পয়সা, আগের বছর ছিল ৭৬ টাকা ৪৫ পয়সা। 

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, টিকা সরবরাহের ব্যবসা থেকে তাদের লাভ এসেছে।

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০২০-২১ অর্থবছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ৫১২ কোটি ৭৭ লাখ টাকা মুনাফা করেছিল; লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ৩ টাকা ৫০ পয়সা।

তার আগে ২০১৯-২০ অর্থবছরে ৩৫১ কোটি ৪৭ লাখ টাকা মুনাফা করে লভ্যাংশ হিসেবে শেয়ার প্রতি ১ টাকা ৫০ পয়সা এবং প্রতি ১০০ শেয়ারে ১০টি বোনাস শেয়ার দিয়েছিল এ কোম্পানি।

পুঁজিবাজারে এ কোম্পানির ৪৪ কোটি ৬১ লাখ ১২ হাজার ৮৯টি শেয়ার আছে। এর মধ্যে ৩০ দশমিক ১৮ শতাংশ আছে পরিচালকদের হাতে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১৯ দশমিক ৪৯ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে ২৯ দশমিক ৩৭ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২০ দশমিক ৯৬ শতাংশ শেয়ার আছে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বর্তমান বাজার মূলধন ৮ হাজার ৮৫০ কোটি ৮৬ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৪৪৬ কোটি ১১ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ২ হাজার ২৭১ কোটি ৩৬ লাখ টাকা।