২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসইসিতে যেন কেউ হয়রানির শিকার না হয়: চেয়ারম্যান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সেবার মান আগের চেয়ে ‘অনেক উন্নত’ হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2020, 12:11 PM

Updated : 18 Aug 2022, 03:51 PM

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে শনিবার বিএসইসি আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

সন্ধ্যা ৬টা থেকে প্রায় তিন ঘণ্টার এই সংবাদ সম্মেলনে বিএসইসি চেয়ারম্যান বলেন, “সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেরা বিভিন্নভাবে হেরাজড হতে হতে দেখেছি, যেখানেই যাই, সেখানে মানুষের সময়, টাকা নষ্ট করা হয় এবং ঘোরানো হয়। এটা আমাদের একটা চারিত্রিক বৈশিষ্ট হয়ে গেছে।

“আমরা চাই যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে কেউ এলে সময় নষ্ট যেন না হয়। যার যেটা পাওয়ার, সেটা যেন তারা খুব সহজে পেয়ে যায়। সেদিকে আমরা চেষ্টা করে যাচ্ছি।”

তিনি বলেন, কোন বিষয়ে যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, কমিশন তা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। উত্তর যদি ‘না’ হয়, সাটাও কমিশন সাথে সাথে জানিয়ে দেবে।

“কোনো কিছু ঝুলিয়ে রেখে সময় নষ্ট করব না। আমরা চাই মানুষের সময়ের মূল্য দিতে। মানুষের জীবনটা সহজ করে দিতে। একটা মানুষকে যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে আমরা কাজ করতে চাই না।”

জনবল আরও বাড়ানো গেলে কমিশন আরো ভালো সেবা দিতে পারবে বলেও মন্তব্য করেন বিএসইসি চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিএসইসির কমিশনার অধ্যাপক মিজানুর রহমান।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানও ভার্চুয়াল এই সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, “আমরা পেছন দিকে আর তাকাতে চাই না, সামনের দিকে তাকাতে চাই। আমরা সম্ভাবনা এবং আমাদের সাফল্যের গল্প নিয়ে কথা বলব।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের অধ্যাপনা থেকে বিএসইসি চেয়ারম্যানের দায়িত্বে আসা শিবলী রুবাইয়াত বলেন, “একজন শিক্ষক হিসেবে যা দেখতে পেতাম, এখন আমি বাস্তবে কাজ করতে গিয়ে আরো উপলব্ধি করছি, বাংলাদেশর সাংঘাতিক সম্ভাবনাময় একটি ভবিষ্যত আছে।”

পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসির নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে চেয়ারম্যান বলেন, “বাংলাদেশের পুঁজিবাজারে ডেরিভেটিভস আসবে, তবে বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান আরো না বাড়লে ডেরিভেটিভস আনাটা ঠিক হবে না। তাই আমরা আস্তে আস্তে এগোতে চাই। বন্ড নিয়ে আমরা কাজ করছি।”

চেয়ারম্যান জানান, গত তিন মাসে প্রায় ৭ হাজার কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে বিএসইসি। সেগুলো বাজারে আসা শুরু হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ‘হিসাবে স্বচ্ছতা আনার’ উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আমরা এ বিষয়ে নীরিক্ষকদের সাথে বসেছি। যারা আর্থিক প্রতিবেদনে অস্বচ্ছতার জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা কয়েকজনকে ৩ থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছি, কয়েকজনকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছি। আমরা চেষ্টা করছি যে কোনোভাবে হোক এখানে একটা পরিচ্ছন্ন পরিবশে আনার জন্য।”

বাংলাদেশ ব্যাংকের কাছ থেকেও সহযোগিতা পাওয়া যাচ্ছে জানিয়ে শিবলী রুবাইয়াত বলেন, “আমরা ইন্সুরেন্স কোম্পানিগুলোর তালিকাভুক্তি সহজ করে দিয়েছি। ২৬টি বীমা কোম্পানি এখন তালিকাভুক্ত হবে। আমরা ব্যাংকিং খাত থেকে আমাদের সময়কার প্রথম একটি আইপিও আবেদন পেয়েছি। আমরা ব্যাংকিং এবং বীমা খাতকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।”

অবকাঠামো উন্নয়নে বন্ড ছাড়ার পরিকল্পনার কথা তুলে ধরে বিএসইসি চেয়ারম্যান বলেন, “আমরা মিউনিসিপাল বন্ডের একটি প্রকল্প এলজিআরডি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি মিউনিসিপাল বন্ডের মাধ্যমে আমাদের অবকাঠামো বন্ডের হাতেখড়ি হবে, পরে আমরা আরও বড় বড় প্রকল্পে হাত দিতে পারব।”

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বিএসইসির কাজের প্রশংসা করেন, তবে তিনি ওয়ালটনের তালিকাভুক্তি নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, “কিছুদিন আগে ওয়লটনকে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। ওয়ালটনের মাত্র ১ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হয়েছে। ৯৯ শতাংশ শেয়ার উদ্যোক্তাদের হাতে রয়ে গেছে। এর ফলে যেটা হয়েছে, ওয়ালটন হঠাত্ করে পুঁজিবাজারে দ্বিতীয় বৃহত্তম বাজার মূলধনের কোম্পানি হয়ে গেছে। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কিনা আমি জানি না। কিন্তু এটা কিন্তু একটা ভুল বার্তা দিচ্ছে।

“আমাকে অনেক কোম্পানি বলেছে, তারা জানত যে ৫০ শাতংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের দিতে হবে, সেজন্য তারা পুঁজিবাজারে যেতে চায়নি। কিন্তু ১ শতাংশ শেয়ার দিয়ে যদি যাওয়া যায়, তাহলে অনেক ভালো ভালো কোম্পানি আছে, যারা পুঁজিবাজারে চলে আসত।”

এর জবাবে বিএসইসি চেয়ারম্যান বলেন, “ওয়ালটনের বিডিংসহ সব কিছু শেষ হয়ে গিয়েছিল আমরা যোগদান করার আগেই। আমাদের যতটুকু করণীয় ছিল ততটুকু আমরা করতে পেরেছি, আমরা ২০ শতাংশ কম দামে এই শেয়ার বিনিয়োগকারীদের জন্য দিয়েছি।

“আরেকটু সময় পলে ব্যাপারটা আমরা আরেকটু ভালো করে দেখে করতে পারতাম। তবে আমরা এখন খেয়াল করছি, যাতে এ রকম কিছু আর ভাবিষ্যতে না হয়। এখনো আমরা চিন্তা করছি যেন এটা আমাদের বাজারের জন্য ক্ষতিকর কিছু না হয়।”          

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, এক থেকে তিন বছর যেসব আইপিওর আবেদন পড়ে ছিল, সেগুলোর বিষয়ে তারা সিদ্ধান্ত দেওয়ার কাজ শেষ করে এনেছেন।

“আর দুয়েকটি মনে হয় আছে, সেগুলোকে ছেড়ে দিয়ে আমরা আমাদের সময়ে আসা প্রথম আইপিও নিয়ে কাজ করব। আগে যে গুলোছিল সেগুলোর ব্যাপারে যতটুকু সম্ভব আমাদের বিচার বিবেচনা দিয়ে আমরা কাজ করেছি।

“তারপরেও আমাদের কমিশনে যারা আছে তারাওতো মানুষ, তাদের ছোটখাটো দুয়েকটা ভুল-ত্রুটি হতে পারে। কোনোটাই কিন্তু ইচ্ছাকৃত না এবং আমরা আমাদের নিজেদের বিবেকের জবাবদিহিতা রেখে কাজ করছি।”

বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশন (আইওএসসিও) এর সদস্য হিসেবে ২০১৭ সাল থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করে আসছে বিএসইসি।

এবার এ সপ্তাহের অংশ হিসেবে ৫ থেকে ১১ অক্টোবর পুঁজিবাজার নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে নিয়ন্ত্রক সংস্থা এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানো এবং তাদের বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করে তোলা।