কর্পোরেট কর হার কমানোর সুপারিশ সিএসই চেয়ারম্যানের
নতুন বাজেটে কর্পোরেট কর হারে ছাড় চেয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।
সংসদে বাজেট প্রস্তাবের দুদিন আগে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে কিছু সুপারিশ তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তি আসে।
আসিফ ইব্রাহিম বলেন, “তালিকাভুক্ত কোম্পানির করহার (কর্পোরেট কর হার) শতকরা ২৫ ভাগ থেকে কমিয়ে ২০ ভাগ করা যেতে পারে। এতে যেসব কোম্পানি লিস্টেড না, তারা পুঁজিবাজারে আসতে অনুপ্রাণিত হবে।”
তিনি ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত লভ্যাংশের সীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে এক লাখ করার সুপারিশও রাখেন।
ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার করার কথাও বলেন তিনি।
এসএমই কোম্পানির জন্য নতুন করহার নির্ধারণের সুপারিশ করেন আসিফ ইব্রাহিম।
“নতুন যেসব কোম্পানি শেয়ার মার্কেটে আসবে, তাদের জন্য প্রথমেই কর প্রদানে বাধ্য না করে প্রথম তিন বছরের জন্য শূন্য করে দেওয়া যেতে পারে এবং পরবর্তীতে শতকরা ১৫ ভাগ হারে কর আরোপ করা যেতে পারে।”
এসব ছাড় চাওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, “কারণ আমাদের উদ্দেশ্য মার্কেটের গভীরতা বৃদ্ধি এবং ব্যাংকের উপর নির্ভরতা কমিয়ে শেয়ার বাজারে যেন নতুন ভালো ভালো কোম্পানি আসে, সে ব্যাপারে অনুপ্রেরণা দেওয়া এবং সে জন্য কাজ করা।”
করোনাভাইরাস মহামারীর এই সময়ে শিল্প খাতে কর ছাড়ের পক্ষেও মত দেন আসিফ ইব্রাহিম।
তিনি বলেন, “করোনার কারণে মানুষের চাকরি বাঁচাতে ম্যানুফ্যাকচারিং খাতে কর ছাড় দেওয়া দরকার, না হলে অনেক মানুষের চাকরি চলে যতে পারে।”
