২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লংকাবাংলাকে দুই কোটি ডলার দিচ্ছে আইসিডি

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগের জন্য দুই কোটি ডলার পাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 08:48 PM

Updated : 08 Apr 2022, 03:45 PM

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি) এই ঋণ দিচ্ছে।

রোববার বিকালে ঢাকার সোনারগাঁও হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে।

আইসিডির প্রধান নির্বাহী ও মহাব্যবস্থাপক আয়মান আমিন সেজিনি এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের এর ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এই চুক্তির ফলে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সহজ শর্তে ২০ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ১৬৭ কোটি টাকা পাবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, এই প্রথম বাংলাদেশের কোনো নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এসএমই খাতে আইসিডি থেকে অর্থ পেতে যাচ্ছে।

এই অর্থায়নের লিড অ্যারেঞ্জার এবং সিকিউরিটি এজেন্ট গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রিন ডেল্টার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিডি কুয়ালালামপুরের আঞ্চলিক প্রধান আহমেদ খালেদ, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের হেড অব ট্রেজারি কামরুল ইসলাম।

ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি) ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) গ্রুপের সদস্য। বহুমুখী এ সংস্থা সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে কাজ করে। দেশগুলোর বেসরকারি খাতের উন্নয়নে শরিয়া মোতাবেক আর্থিক সহায়তা ও বিনিয়োগ করে তারা।