২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনে এসকে ট্রিমসের শেয়ারদর বেড়েছে ৩০৯%

পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রথম দিন এসকে ট্রিমসের শেয়ারদর ৩০৯ শতাংশ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2018, 06:20 PM

Updated : 19 Aug 2022, 02:20 PM

রোববার  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

কোম্পানিটির শেয়ার ১০ টাকা দরে বিনিয়োগকারীরা পেয়েছেন, রোববার শেয়ারটির লেনদেন শুরু হয় ৪৫ টাকা দিয়ে ।

প্রথম দিনে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৩৫ টাকা ৩০ পয়সায় এবং সর্বোচ্চ ৫৫ টাকায় লেনদেন হয়েছে। তবে দিন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৪০ টাকা ৯০ পয়সায়।

অর্থাৎ প্রথম দিনে কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকা ৯০ পয়সা বা ৩০৯ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির মোট ৮১ লাখ ৯৬ হাজার ১১৮ টি শেয়ার ৩৩ কোটি ২২ লাখ টাকায় লেনদেন হয়েছে।

শেয়ারগুলো মোট ১৫ হাজার ১৭৩ বার হাত বদল হয়েছে।

কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য ১২ জুন লটারির ড্র অনুষ্ঠিত হয়। এর আগে কোম্পানিটির আইপিওতে ১৪ থেকে ২২ মে পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৩ কোটি শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা উত্তোলন করে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নেয়া হয় ১০ টাকা।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নির্মাণ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৭৯ টাকা এবং বিগত ৩টি আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ভারিত গড় হারে হয়েছে ১.৩১ টাকা।

আইপিও খাতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল ও বিএমএসএল ইনভেস্টমেন্টস।

এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৩০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়েছে।