দরপতনের ধারায় পুঁজিবাজার
চাঙ্গাভাবে লেনদেন শুরু হলেও দরপতনের মধ্য দিয়ে দিন পার করেছে দেশের দুই পুঁজিবাজার।
সোমবার বড় ধরনের দরপতনের পর মাঝে একদিন ভাল থাকলেও ফের পতনের ধারাতেই ফিরেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে হয়েছে ছয় হাজার ১০৮ পয়েন্টে নেমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৪৭ পয়েন্ট কমে নেমেছে ১৮ হাজার ৯৪৮ পয়েন্টে।
দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে ২২৫টি, বেড়েছে ৭৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির।
সিএসইতে লেনদেনে থাকা ২৪৯টির মধ্যে দর হারিয়েছে ১৮৩টি, বেড়েছে ৫১টির ও অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
পুঁজিবাজারে সীমার অতিরিক্ত বিনিয়োগ করায় সাত ব্যাংককে জরিমানা করার খবরের পর সোমবার দুই বাজারে বড় ধরনের দরপতন হয়। ওইদিন ডিএসইএক্স ৭৬ পয়েন্ট এবং সিএএসপিআই ২১১ পয়েন্ট নেমে যায়।
মঙ্গলবার সূচক কিছুটা বেড়ে লেনদেন শেষ হওয়ার পর বুধবার সকাল থেকে চাঙ্গাভাবে শুরু হয় লেনদেন।
সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর পৌনে ১২টায় ডিএসইএক্স সূচক প্রায় ৭৩ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু বিক্রির চাপে এরপর থেকে সূচক নামতে শুরু করে। শেষ এক ঘণ্টার লেনদেনে সূচক টানা নেমে ৩৩ পয়েন্ট হারিয়ে লেনদেন শেষ হয়।
বড় মূলধনের ব্যাংক খাতের বেশিরভাগ শেয়ার দর হারানোয় সূচকে বড় ধরনের প্রভাব সৃষ্টি হয়। এছাড়া বাজার মূলধনের শীর্ষে থাকা কয়েকটি কোম্পানির দর পতনও সূচকে নেতিবাচক প্রভাব রেখেছে।
গত কয়েক দিনের মতো এদিনও বাজারে লেনদেন শীর্ষস্থান ধরে রেখেছে ব্যাংক খাত। দুই বাজারের শীর্ষস্থানে রয়েছে এ খাতের কোম্পানিগুলোর শেয়ার।
ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে- সিটি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক, আমরা নেটওয়ার্ক, এক্সিম ব্যাংক, শাহজালাল ব্যাংক, ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, ইউসিবিএল।
ঢাকা বাজারে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে স্টাইল ক্র্যাফট, মুন্নু স্টাফলার, লিবরা ই্নফিউশন, সোনালী আশ, কোহিনুর কেমিক্যাল। দর কমার শীর্ষে রয়েছে- শেফার্ড, আমরা নেটওয়ার্ক, ফুয়াং ফুড, ফাইন ফুডস, স্টান্ডার্ড সিরামিকস।
