পুঁজিবাজারে দরপতনের কারণ ‘আতঙ্ক’
তালিকাভুক্ত কয়েকটি ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের জরিমানা করার খবরের পর দেশের পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীরা ভয় পেয়ে ব্যাংকের শেয়ার বিক্রির চাপ বাড়িয়ে দেওয়ায় এ দরপতন হয়েছে, দীর্ঘমেয়াদে এর প্রভাব বাজারে পড়বে না।
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার সকাল থেকেই বড় বাজার মূলধনের খাত ব্যাংকগুলোর শেয়ারের দর পড়তে থাকে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৩০টি কোম্পানির সবগুলোর দর ৩ থেকে ৫ শতাংশ পড়ে যায়।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট বা ১ শতাংশের বেশি কমেছে; লেনদেনও আগের দিনের চেয়ে ৮৬ কোটি টাকা কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২১১ পয়েন্ট কমেছে; লেনদেন কমেছে প্রায় ১ কোটি টাকা।
দরপতনের বিষয়ে ব্রোকারেজ হাউজ ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংকগুলোর জরিমানা করার যে খবর বিভিন্ন পত্র-পত্রিকায় ছাপা হয়েছে, তাতে বিনিয়োগকারীরা ভয় পেয়ে শেয়ার বিক্রি করেছে।”
ছয় কাযদিবস টানা সূচক বাড়ার পর সোমবার ডিএসইএক্স ৭৬ পয়েন্ট কমে ছয় হাজার ১২৮ পয়েন্ট নামে। গত দিনের চেয়ে লেনদেন ৮৬ কোটি টাকা কমে ৯৬৭ কোটি টাকায় নামে।
সিএএসপিআই ২১১ পয়েন্ট কমে নেমেছে ১৯ হাজার ৬৬ পয়েন্টে; লেনদেন হয়েছে ৪৯ কোটি টাকার বেশি, যা গত দিনের চেয়ে প্রায় ১ কোটি টাকা কম।
পুঁজিবাজারে সোমবারের দরপতনের পেছনে ব্যাংক খাতের বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ কাজ করেছে বলে মনে করেন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াওয়ার সাঈদ।
“ভয় পেয়ে বিক্রি (প্যানিক সেল) করার কারণে এটা হয়েছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়বে না।”
বেশ কয়েকটি ব্যাংকের লাগামহীন বিনিয়োগের কারণে ২০১০ সালে পুঁজিবাজারে ধসের পর ব্যাংকিং খাতের ঝুঁকি বিবেচনা করে ২০১৩ সালের সেপ্টেম্বরে সহযোগী কোম্পানিসহ (মার্চেন্ট ব্যাংক/ব্রোকারেজ হাউজ) পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ মোট মূলধনের ২৫ শতাংশে বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাড়তিটা তুলে নিতে ২০১৬ সালের ২১ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়।
পরে নিয়ম শিথিল করে চলতি বছরের জানুয়ারি থেকে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা হিসাবের ক্ষেত্রে সহযোগী কোম্পানির মূলধন বাদ দেওয়া হয়।
এরপরও কিছু ব্যাংক শেয়ারবাজারে নির্ধারিত সীমার অতিরিক্ত বিনিয়োগ অব্যাহত রাখায় সরকারি-বেসরকারি খাতের ৭ ব্যাংককে বাংলাদেশ ব্যাংক বড় অংকের জরিমানা করে বলে রোববার খবর বের হয়।
ইয়াওয়ার সাঈদ বলেন, “ব্যাংকগুলো এ ধরনের অনিয়ম করলে বাংলাদেশ ব্যাংকের উচিত তা কঠোর হাতে দমন করা। কারণ এ ধরনের ঘটনার কারণেই ২০১০ সালে বাজার ক্ষতিগ্রস্ত হয়েছিল।”
দরপতনের শীর্ষে রয়েছে- সিমটেক্স, প্রিমিয়ার ইন্সুরেন্স, ঢাকা ব্যাংক, মুন্নু স্টাফলার, ইউনাইটেড ইন্সুরেন্স, আইসিবি এএমসিএল দ্বিতীয়, ইউসিবিএল, শাহজালাল ব্যাংক, ব্যাংক এশিয়া ও উত্তরা ব্যাংক।
মোট লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ২০৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
দরপতন হলেও গত কিছুদিনের ধারাহিকতায় লেনদেনে আধিপত্য ধরে রেখেছে ব্যাংক খাত। সোমবার মোট লেনদেনের ৪৪ শতাংশই এ খাতের। গতকাল বাজারের ৪৮ শতাংশ লেনদেন হয়েছিল ব্যাংক খাতে।
দর কমলেও ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা বেশিরভাগ কোম্পানিই ব্যাংক খাতের। এর মধ্যে রয়েছে- লংকাবাংলা ফাইন্যান্স, উত্তরা ব্যাংক, ইসলামী ব্যাংক, আইএআইসি, এনবিএল, আমরা নেটওয়ার্ক, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক।
ডিএসইতে মোট লেনদেনের ১৭ শতাংশ হওয়া অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাত রয়েছে দ্বিতীয় অবস্থানে।
দরপতনের মধ্যে ঢাকার বাজারে সামান্য লাভের মুখ দেখিয়েছে টেলিযোগাযোগ, প্রকৌশল, বিদ্যুত ও জ্বালানি খাত।
তবে লেনদেনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এ খাতগুলোর শেয়ার।
সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে- শাহাজালাল ইসলামী ব্যাংক, এসআইবিএল, এনবিএল, আইএফআইসি, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আমরা নেটওয়ার্ক, লংকাবাংলা ফাইন্যান্স, ইউসিবি এবং উত্তরা ব্যাংক।
এই বাজারে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৫৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৩টির।
