২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যাংকের চেয়ে বেশি মুনাফা পুঁজিবাজারে’

বিনিয়োগ সুচিন্তিত হলে ব্যাংক ও আর্থিক খাতের চেয়ে পুঁজিবাজার থেকে বেশি মুনাফা আসে বলে মন্তব্য করেছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2017, 07:34 PM

Updated : 19 Aug 2022, 05:42 PM

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ মিলানায়তনে এক সেমিনারে তিনি বলেন, ‘স্মার্ট বিনিয়োগকারী’ তৈরির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

“একজন স্মার্ট বিনিয়োগকারীর জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন সেই অবস্থা বর্তমান পুঁজিবাজারে রয়েছে। বিনিয়োগকারীরা যদি সেই সুযোগ গ্রহণ করে তাহলে এখান থেকে মানি মার্কেটের চেয়ে বেশি রিটার্ন নিতে পারবে।”

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে রিটার্ন ও ঝুঁকি বিবেচনায় নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করার পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বিমা বিভাগের অধ্যাপক আবু তালেব।

তিনি বলেন, “প্রধানত তিনটি বিষয়কে বিবেচনায় নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে- সময়, রিটার্ন ও ঝুঁকি। তবে এর বাইরেও কোম্পানির শেয়ারপ্রতি আয়, সম্পদ মূল্য ও ব্যবস্থাপনাকেও বিবেচনায় রাখতে হবে। এতেই পুঁজিবাজার থেকে সফলতা পাওয়া সম্ভব।”

বিএমবিএর সভাপতি ছায়েদুর রহমানের সভাপতিত্বে  সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির পরিচালক মো. রেজাউল করিম।

স্বাগত বক্তব্যে ছায়েদুর বলেন, “যে কারণে ১৯৯৬ ও ২০১০ সালে পুঁজিবাজারে ধস হয়েছে, সেই অবস্থা এখন আর নেই। এরপরেও বিনিয়োগ করার আগে পুঁজির নিরাপত্তার জন্য দেখেশুনে বিনিয়োগ করা প্রয়োজন।”

বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, বিএমবিএর সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।