ক্রিকেটার সাকিব পুঁজিবাজারেও
পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে নিয়ন্ত্রক সংস্থার শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়েছেন বাংলাদেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান।
তাকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শুভেচ্ছা দূত নিয়োগ দেওয়া হয়েছে বলে সোমবার এক অনুষ্ঠানে জানানো হয়।
সাকিবের উপস্থিতিতে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৭’ উদ্বোধনের সময় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, এখন থেকে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের উৎসাহ দিতে ও দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছা দূত হিসেবে বিএসইসিতে কাজ করবেন সাকিব আল হাসান।
বিদেশি খেলোয়াড়রা শেয়ারবাজার বিষয়ে পড়াশুনা করে বিনিয়োগ করেন বলে সাকিব নিজের অভিজ্ঞতার কথা জানান।
“আমি যখন দেশের বাইরে খেলতে যাই, তখন দেখি বিদেশি খেলোয়াড়রা পড়াশুনা করছে। আমি তাদের জিজ্ঞেস করলাম, কি নিয়ে পড়াশুনা করছ। তখন তারা আমাকে বলল, স্টক এক্সচেঞ্জ বিষয়ে পড়াশুনা করছি। অর্থাৎ তারা শেয়ারবাজার বিষয়ে পড়াশুনা করে জেনে বুঝে বিনিয়োগ করেন।”
অনুষ্ঠান পরিচালনা করেন বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান।
শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বিনিয়োগ বিষয়ে সচেতন করতে বিশ্বজুড়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) ডাকে প্রথমবারের মতো ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ৮১টি দেশে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
