২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২-৮ অক্টোবর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ

বিনিয়োগকারীদের সচেতন করতে ২ থেকে ৮ অক্টোবর পালিত হবে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৭।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 05:46 PM

Updated : 19 Aug 2022, 05:39 PM

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের  (বিএসইসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসকো) উদ্যোগে এই সপ্তাহ পালিত হবে।

সংবাদ সম্মেলনে বিএসইসির নির্বাহী পরিচালক ও বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের আহ্বায়ক মাহবুবুল আলম বিস্তারিত তুলে ধরেন ।

তিনি বলেন, “বাংলাদেশের পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংখ্যা অনেক। ক্ষুদ্র বিনিয়োগকারীদের এককভাবে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ও প্রবণতা নেই বললেই চলে।

“তারা গুজবে বা তথাকথিত বড়ভাইদের অনুসরণ করে থাকে। ফলে তাদের মুনাফার ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ে। এমনকি বিনিয়োগকৃত অর্থ ঝুঁকির সম্মুখীন হয়।”

মাহবুবুল আলম বলেন, “এ সকল বিষয় বিবেচনায় নিয়ে বিএসইসি দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শুরু করেছে, যা চলতি বছরের ৮ জানুযারি প্রধানমন্ত্রী উদ্বোধন করেন।

তিনি জানান, হালনাগাদ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪৫ মুখ্য প্রশিক্ষক, ১৩১৭ জন প্রশিক্ষকসহ ৮৭৪৫ জন বিয়োগকারীকে পুঁজিবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে।

“সে কারণে আইওএসকো কর্তৃক ঘোষিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৭ যথাযথভাবে আয়োজন করবে বাংলাদেশ, যা শুধু সমসাময়িক ও প্রাসঙ্গিকই নয়, আবশ্যকীয়।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, পরিচালক রেজাউল করিম, ফারহানা ফারুকী, আবুল হাসান ও উপ-পরিচালক আবুল কালাম আজাদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।