২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্নু সিরামিকের ‘অস্বাভাবিক’ দরবৃদ্ধি চলছেই

পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিকের শেয়ারের দর অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2017, 07:12 PM

Updated : 19 Aug 2022, 05:29 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ১২ কার্যদিবসে কোম্পানিটির দর দেড় গুণের বেশি বেড়েছে।

এর মধ্যে গত ২১ অগাস্ট ডিএসই মুন্নু সিরামিকের ‘অস্বাভাবিক’ দাম বাড়ার কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে দাম বাড়ার মতো কোনো অপ্রকাশিত তথ্য নেই। 

১৬ অগাস্ট কোম্পানিটির শেয়াদের দর ছিল ৪২ টাকা ৬০ পয়সা। এরপর একটানা দর বেড়ে মঙ্গলবার হয়েছে ১০৯ টাকা ২০ পয়সা।

এসময়ে অধিকাংশ লেনদেন দিনেই দর বৃদ্ধির সর্বোচ্চ সীমায় পৌঁছে বিক্রেতাশূন্য হয়ে যায় স্বল্প মূলধনী এ কোম্পানির শেয়ার।

দরবৃদ্ধিতে মুন্নু সিরামিকের শেয়ারের মূল্য আয় অনুপাত (পিই) বেড়ে ৬৮২ হয়েছে।কিন্তু পিই অনুপাত ৪০ অতিক্রম করলেই নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে ওই কোম্পানির শেয়ারে মার্জিন দেওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।

গত বছরে ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ায় বি ক্যাটাগরিতে নেমে গিয়েছে ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির শেয়ার।

তৃতীয় প্রান্তিক শেষে (জুলাই-মার্চ) মুন্নু সিরামিক ১০ টাকার প্রতিটি শেয়ারে বিপরীতে আয় করেছে ১২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২২ পয়সা।