২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক-লেনদেন কমল পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক এবং লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2017, 04:15 PM

Updated : 11 Oct 2022, 02:22 PM

মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্টের বেশি কমেছে। কমেছে লেনদেনের পরিমাণও।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ৪৫ পয়েন্টের মত। কমেছে লেনদেনের পরিমাণ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৯৪৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২৪২ কোটি ৬০ লাখ টাকা কম।

আগের দিন সোমবার ডিএসইতে লেনদেন হয় ১১৮৭ কোটি ৩৫ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৫ দশমিক ৯২ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯৭ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩০৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৯ পয়েন্টে।

অন্যদিকে মঙ্গলবার সিএসইতে ৫৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার এই বাজারে ৬৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০২ দশমিক ৬০ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির। কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।