৮ ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে আটটি ব্যাংক চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
এর মধ্যে মুনাফা বেড়েছে তিনটির, কমেছে তিনটির, অপরিবর্তিত রয়েছে একটির এবং লোকসান থেকে মুনাফা করেছে একটি ব্যাংক।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ৮টি ব্যাংকের এপ্রিল-জুন প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
রোববার পর্যন্ত ঢাকা স্টক একবসচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে। আগে আরো ১৩ ব্যাংক তাদের মুনাফা প্রকাশ করেছিল।
মুনাফা বেড়েছে যেসব ব্যাংকের
এপ্রিল-জুন প্রান্তিকে এ বি ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা আগের চেয়ে প্রায় ৪ শতাংশ বেড়ে ৫৩ পয়সা হয়েছে।
ওয়ান ব্যাংক এই সময়ে শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ৬৭ পয়সা, আগের বছর এই সময়ের প্রায় ১৩১ শতাংশ বেশি।
ব্যাংক এশিয়া লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে প্রায় ৩২০ শতাংশ। মুনাফা ১০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৪২ পয়সা।
মুনাফা কমেছে যেসব ব্যাংকের
এই সময়ে রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা আগের একই সময়ের তুলনায় মুনাফা প্রায় ৩১ শতাংশ কমে ২৫ পয়সায় নেমেছে।
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ২৯ পয়সা; যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম।
ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা আগের তুলনায় কমেছে প্রায় ২৮.৪৮ শতাংশ। এপ্রিল-জুন প্রান্তিকে এই ব্যাংক প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ১ টাকা ১৮ পয়সা।
এছাড়া সিটি ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা ১ টাকা ৫১ পয়সায় অপরিবর্তিত আছে।
আর প্রাইম ব্যাংক লিমিটেড আগের বছর এসময় লোকসানে থাকলেও এখন মুনাফায় এসেছে। এপ্রিল-জুন প্রান্তিকে তারা প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ৭ পয়সা, আগের বছর এই সময় তাদের লোকসান ছিল ২২ পয়সা।
তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে সব মিলে ২১ ব্যাংক প্রতিবেদন প্রকাশ করল।
