২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

বাংলাদেশের পুঁজিবাজারে দ্বিতীয় দিনের মতো উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2017, 04:49 PM

Updated : 11 Oct 2022, 01:43 PM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারেই শেয়ারের মূল্যসূচকের পাশপাশি লেনদেনও বেড়েছে।

সেই সঙ্গে সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১১৭ পয়েন্টের বেশি।

টানা কয়েকদিন পতনের পর সোমবার ডিএসইএক্স ৪৮ পয়েন্ট এবং সিএএসপিআই ১৬৫ পয়েন্ট বেড়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৯৮৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সোমবারের চেয়ে ৪৪ কোটি ৮৭ লাখ টাকা বেশি।

সোমবার এই বাজারে  ৯৩৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত ছিল ৪৮টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৭ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৭৭ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৩ পয়েন্টে।

অন্যদিকে মঙ্গলবার সিএসইতে ৮৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।সোমবার এই লেনদেনর পরিমাণ ছিল ৬৫ কোটি ৩৬ লাখ টাকা।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৭ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯১১ দশমিক ৯৮ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির দর।