নতুন টাকা ‘তুলছে’ পুঁজিবাজার
বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সপ্তাহের চতুর্থ দিন লেনদেন ও সূচক বেড়েছে।
এ নিয়ে টানা দুই দিন দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারায় লেনদেন হল।
বাংলাদেশ ব্যাংক নীতি সহায়তা ঘোষণার পর নতুন বিনিয়োগ আসায় এমনটা হয়েছে বলে মনে করছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।
সোমবার ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় লেনদেনে সূচক ও লেনদেন বাড়ে দুই বাজারে। এর আগে সপ্তাহের প্রথম দিন দুই বাজারেই লেনদেন বেড়েছিল।
বাজারের এই ইতিবাচক ধারার কারণ জানতে কথা হয় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মো. এ হাফিজের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নীতি সহায়তা ঘোষণার পর পুঁজিবাজারে কিছু নতুন টাকা আসছে; ব্যাংকগুলোও নতুন করে কিছু বিনিয়োগ করছে। যার ফলে লেনদেন ও সূচক বাড়ছে।”
মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমানও প্রায় একই কথা বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।
“বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা এই ইতিবাচক লেনদেনে ভূমিকা রেখেছে,” বলেন তিনি।
পুঁজিবাজারের জন্য গত মে মাসে বাংলাদেশ ব্যাংক ঘোষিত নীতি সহায়তায় ব্যাংকের হাতে থাকা শেয়ার ও সহযোগী প্রতিষ্ঠানকে বিনিয়োগের জন্য দেওয়া ঋণ ওই সহযোগী প্রতিষ্ঠানের মূলধন হিসেবে বিবেচনা করা হয়।
এর ফলে কোনো ব্যাংক শেয়ার বিক্রি না করে তা সহযোগী প্রতিষ্ঠানের মূলধনে রূপান্তরের মাধ্যমে নিজের বিনিয়োগ আইনি সীমার মধ্যে নামিয়ে আনতে পারছে। কিছু ব্যাংক নতুন করে বিনিয়োগের সুযোগ পেয়েছে।
এদিন ডিএসইতে ৫০৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৮.৪৪ শতাংশ বেশি।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪১টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বুধবার ১৫ পয়েন্ট বেড়ে হয়েছে ১৪ হাজার ১২৭ পয়েন্ট।
সিএসইতে লেনদেনে থাকা ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১০৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
