২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন ঠেকাতে নীতি সহায়তা ঘোষণা

অবশেষে পুঁজিবাজারে দরপতন ঠেকাতে নতুন নীতি সহায়তা ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2016, 06:50 PM

Updated : 11 Oct 2022, 08:10 PM

পুরনো খবর:

সমন্বয়ের জটিলতায় ‘ফাঁদে’ পুঁজিবাজার

এখন থেকে ব্যাংকের হাতে থাকা শেয়ার ও সহযোগী প্রতিষ্ঠানকে বিনিয়োগের জন্য দেওয়া ঋণ ওই সহযোগী প্রতিষ্ঠানের মূলধন হিসেবে বিবেচনা করা হবে।

এর ফলে শেয়ার বিক্রি না করে তা সহযোগী প্রতিষ্ঠানের মূলধনে রূপান্তরের মাধ্যমে ব্যাংক নিজের বিনিয়োগ আইনি সীমার মধ্যে নামিয়ে আনতে পারবে।

সহযোগী প্রতিষ্ঠানকে দেওয়া ঋণকে তার মূলধন হিসেবে গণ্য করায় তা ব্যাংকগুলোর জন্য সোনায় সোহাগা হলো।

এই নীতি সহায়তা দেওয়ার প্রক্রিয়া এর মধ্যেই শুরু হয়েছে বলে সোমবার বিকালে জরুরি সংবাদ সম্মেলনে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “পুঁজিবাজারে ব্যাংকসমূহের সোলো এবং কনসোলিডেটেড উভয় ভিত্তিতে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের ঘোষিত নীতি সহায়তার কার্যক্রম শুরু হয়েছে।

“ইতিমধ্যে দুটি ব্যাংক তাদের ধারণকৃত শেয়ার এবং সাবসিডিয়ারি কোম্পানিতে প্রদত্ত ঋণ সাবসিডিয়ারি ক্যাপিটালে রূপান্তরের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নিকট আবেদন জানিয়েছে। তাদের এ আবেদন দ্রুত বিবেচনা করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

“অন্য যে আটটি ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ রয়েছে, সে সব ব্যাংককে ইতিমধ্যেই নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

“তবে ব্যাংক থেকে সাবসিডিয়ারি কোম্পানির মূলধন বৃদ্ধি সংক্রান্ত আবেদন বাংলাদেশ ব্যাংকে প্রেরণের পূর্বে তা সংশ্লিষ্ট ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানির পরিচালনা পর্ষদে অনুমোদনের প্রয়োজন থাকায়- এই আবেদন ব্যাংক থেকে আসতে কিছু বিলম্ব হচ্ছে।”

“ফলে অনুমোদন প্রদানে কিছুটা সময় লাগছে। ব্যাংকগুলোর আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ত্বড়িৎ অনাপত্তি প্রদান করা হবে।

“এ ব্যবস্থা গ্রহণের ফলে একদিকে ব্যাংকগুলোর নিজস্ব সাবসিডিয়ারির মূলধন বৃদ্ধি পাবে, অপরদিকে তাদের পুঁজিবাজারে বিনিয়োগসীমা কমে আইনি সীমার মধ্যে নেমে আসছে। এভাবে সকল ব্যাংকই আইনি সীমার মধ্যে চলে আসবে।”

এ প্রক্রিয়ায় কোনো ব্যাংককেই তার অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য কোনো শেয়ার বিক্রি করতে হবে না বলে বাংলাদেশ ব্যাংক আশ্বস্ত করেছে।

শুভঙ্কর বলেন, “অধিকন্ত ব্যাংকগুলোর সমস্যার ধরণ ভিন্ন বিধায় পৃথক পৃথকভাবে তাদেরকে নীতি সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।”

অধিকতর বিবেচনার সুযোগ থাকায় এই মুহূর্তে সাধারণ সার্কুলার জারির প্রয়োজন নেই বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র।

কেন্দ্রীয় ব্যাংকের এই নীতি সহায়তাকে স্বাগত জানিয়ে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা একটা যথাযথ উদ্যাগ। এর মধ্য দিয়ে ব্যাংকগুলোর বিনিয়োগের সমন্বয় নিয়ে যে দুশ্চিন্তা ছিল তা দূর হবে।”

এই সিদ্ধান্ত পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করে আইডিএলসির নির্বাহী পরিচালক মুনিরুজ্জামান বলেন, “এর ফলে ব্যাংকগুলোর বড় একটা ভার কমে গেল। বিক্রির চাপ আসার সম্ভাবনা থাকবে না।”

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এফ এম মোকাম্মেল হক ও আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো ব্যাংক তার মূলধনের (পরিশোধিত মূলধন, স্ট্যাটিউটরি রিজার্ভ, রিটেইনড আর্নিং ও শেয়ার প্রিমিয়ামের যোগফল) সর্বোচ্চ ২৫ শতাংশ বিনিয়োগ করতে পারে।

২০১০ সালে বেশ কিছু ব্যাংক পুঁজিবাজারে ব্যাপক পরিমাণে বিনিয়োগের প্রেক্ষিতে ব্যাংকিং খাতে ঝুঁকির কথা বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক ওই সীমা বেঁধে দেয়।

২০১৩ সালের সেপ্টেম্বরে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক এই বিনিয়োগ সীমা বেঁধে দিয়েছিল।

একইসঙ্গে যেসব ব্যাংকের বিনিয়োগ তাদের মূলধনের ২৫ শতাংশের বেশি আছে তাদের তা কমিয়ে সীমার মধ্যে নিয়ে আসার জন্য ২০১৬ সালের ২১ জুলাই পর্যন্ত সময়ও বেঁধে দেওয়া হয়েছিল।

বিনিয়োগকারীদের পক্ষ থেকে এই সময়সীমা আরও দুই বছর বাড়ানোর দাবি করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক তা না করে গত বুধবার ‘নীতি সহায়তা’ দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়।