২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভালো কোম্পানিতে বিনিয়োগ করলে মুনাফা আসবেই’

পুঁজিবাজারে ভালো কোম্পানি দেখে বিনিয়োগ করলে ‘ভালো’ মুনাফা অবশ্যই আসবে বলে মন্তব্য করেছেন বাজার বিশেষজ্ঞ এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 11:28 PM

Updated : 11 Oct 2022, 08:35 PM

পুরনো খবর:

‘ইজি ইনভেস্ট’ এর যাত্রা শুরু মঙ্গলবার

তিনি বলেছেন, “দেখে-শুনে, হিসাব-নিকাশ করে বিনিয়োগকারীরা যদি ভালো কোম্পানি ও প্রতিষ্ঠান দেখে বিনিয়োগ করেন তাহলে অবশ্যই ভালো মুনাফা পাবেন।”

মঙ্গলবার রাজধানীর গুলশানে লেকশন হোটেলে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ‘ইজি ইনভেস্ট’ স্কিমের আনুষ্ঠানিক উদ্বোধনীতে এ কথা বলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসির সাবেক এই চেয়ারম্যান।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজ বলেন, “এই উদ্যোগটি ভালোভাবে পরিচালনা করা গেলে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে। ব্যাপক লোকসান দিয়ে রাগে-ক্ষোভে যারা বাজার থেকে চলে গিয়েছিলেন তারা আবার ফিরে আসবেন।”

ক্ষুদ্র বিনিয়োগকারীদের বাজার ঝুঁকি কমানোর মাধ্যমে যথাযথ মুনাফা লাভের জন্য মাসিক বিনিয়োগ স্কিম ‘ইজি ইনভেস্ট’ চালু করেছে আইডিএলসি।

আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, দীর্ঘ মেয়াদী এফডিআরের চেয়ে ‘ব্লু চিপ স্টক’-এ বিনিয়োগ করলে আরও অধিক মুনাফা পাওয়া সম্ভব। বর্তমানে মূল্যস্ফীতি ও এফডিআরের হার প্রায় সমান। এ পরিস্থিতিতে এফডিআরে বিনিয়োগ করে বেশি মুনাফা করা সম্ভব নয়।

“নতুন এই স্কিম নিয়মিত আয়ের মানুষের একটি ভালো সুযোগ তৈরি করে দিতে পারে। কারণ কষ্টার্জিত আয় থেকে বিনিয়োগ করার সুযোগ খুবই সীমিত। সন্তানের পড়ালেখা, বিবাহের খরচ, ভ্রমণ খরচ, সম্পত্তি ক্রয়ে ইত্যাদি দীর্ঘ ও মধ্যমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণের ক্ষেত্রে এই বিনিয়োগ স্কিমটি গ্রহণ করা যায়।”

আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বলেন, আইডিএলসির নতুন নতুন সেবা উদ্ভাবনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার পরিবর্তন এনেছে।

 “আমাদের নতুন এই সেবাটি যেভাবে সাজানো হয়েছে তাতে স্বল্প আয়ের মানুষ লাভবান হবেন।”

এছাড়া ২০১০ সালে পতনের বাজারে যারা বাজার থেকে মুখ ফিরিয়ে চলে গিয়েছিলেন তাদের বাজারমুখী করতেও ‘ইজি ইনভেস্টমেন্ট’ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আরিফ খান।

অনুষ্ঠানে জানানো হয়, ইজি ইনভেস্ট’র অ্যাকাউন্ট খুলতে ব্যয় হবে ৫০০ টাকা। বছর শেষে পোর্টফোলিওর ওপর ৩ শতাংশ ব্যবস্থাপনা ফি। লেনদেনের পরিমাণের ওপর ব্রোকারেজ ফি শূন্য দশমিক ৫ শতাংশ।

ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রতি বছর ৭৪ টাকা। সিডিবিএল চার্জ ৫০০ টাকা প্রতি বছর। লেট পেমেন্ট ফি ৫০ টাকা প্রতিমাসে।

এই ফান্ডের মাধ্যমে ৩, ৫ ও ১০ বছর মেয়াদী বিনিয়োগ করতে হবে। তবে কেউ যদি এক বছরের মধ্যে বিনিয়োগ তুলে নিতে চায় তবে তার ফোটফোলিও থেকে ১ শতাংশ করে অর্থ কেটে নেওয়া হবে। এক বছরের আগে কেউ বিনিয়োগ ফেরত চাইলে তার কাছ থেকে কেটে নেওয়া হবে ৫ শতাংশ অর্থ।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি বর্তমান পরিচালক রকিবুর রহমান, শাকিল রিজভী, সাবেক সহ-সভাপতি আহমেদ রশিদ লালীসহ আইডিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।