২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইজি ইনভেস্ট’ এর যাত্রা শুরু মঙ্গলবার

পুঁজিবাজারে সরাসরি বিনিয়োগের ঝুঁকি এবং খরচ কমিয়ে ব্যাংকের তুলনায় বেশি মুনাফা দেওয়ার লক্ষ্যে বিনিয়োগকারীদের জন্য একটি সেবা নিয়ে এসেছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিডেট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 07:24 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

‘ইজি ইনভেস্ট’ নামে ছয় মাস আগে এই সেবা চালু করা হয়েছে জানিয়ে রোবরার মার্চেন্ট ব্যাংকটির  ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুনিরুজ্জামান বলেন, ৯ অগাস্ট মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হবে।

পুঁজিবাজারে সরাসরি বিনিয়োগ করলে লেনদেনের ব্যাপারে বিনিয়োগকারীকেই সিদ্ধান্ত নিতে হয় উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তবে আমাদের পরিকল্পনায় আসলে আপনি পুঁজিবাজারে দক্ষ লোকদের সেবা পাবেন।

“কোন কোম্পানির শেয়ার কিনলে বেশি লাভ হতে পারে সে চিন্তাও আপনার হয়ে করবে আমাদের লোকেরা। ফলে আপনার পুঁজিবাজারে সরাসরি বিনিয়োগের ঝুঁকি কমে যাবে।”

ব্রোকারেজ হাউজের মাধ্যমে বিনিয়োগ করলে সেখানে গিয়ে টাকা জমা দিতে হয় জানিয়ে আইডিএলসি ইনভেস্টমেন্টের এমডি বলেন, “আমাদের পরিকল্পনা নিলে আপনাকে আসতে হবে না; আমরা সরাসরি আপনার ব্যাংক হিসাব থেকে টাকা নিয়ে নেব। ফলে আপনার খরচ কমে যাবে।”

তার আশা, এই সেবার মাধ্যমে সাধারণত ব্যাংকে টাকা রাখলে যে মুনাফা পাওয়া যায় তার চেয়ে বেশি পাওয়া যাবে।

দীর্ঘমেয়াদে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত মুনাফও হতে পারে বলে মনে করছেন মো. মুনিরুজ্জামান।

Image
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তিনি জানান, ৫০০ টাকা দিয়ে এই সেবার নিবন্ধন নিতে হবে। মাসে ৩০০০ টাকা দিয়ে শুরু করা যাবে বিনিয়োগ। কেউ বেশি জমা রাখতে চাইলে রাখতে পারেবন। অর্থাত্ ন্যূনতম ৩৫০০ টাকা জমা দিয়েই এই সেবা পাওয়া যাবে।

৩, ৫ ও ৭ বছর মেয়াদে বিনিয়োগ করতে হবে জানিয়ে আইডিএলসি ইনভেস্টমেন্টের এই শীর্ষ কর্মকর্তা বলেন, শুরু করার পর মেয়াদ শেষের আগে কেউ এক বছর পর টাকা তুলে নিতে চাইলে তার কাছ পুরো পোর্টফোলিওর ওপর ১ শতাংশ টাকা কেটে নেওয়া হবে। কেউ এক বছরের আগে বিনিয়োগ তুলে নিতে চাইলে তার কাছ থেকে কেটে নেওয়া হবে ৫ শতাংশ টাকা।

আর সেবা বাবদ প্রতি বছর শেষে পুরো পোর্টফোলিওর ওপর ৩ শতাংশ ‘ব্যবস্থাপনা ফি’ কেটে নেবে আইডিএলসি ইনভেন্টমেন্ট। অর্থাত্ ১ লাখ টাকায় ৩০০০ টাকা কাটবে তারা।

পুরো পোর্টফোলিওর ব্যাখ্যায় আইডিএলসি ইনভেস্টমেন্টের এমডি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো বিনিয়োগকারী মাসে ৩০০০ টাকা করে রাখলে বছর শেষে তার মোট বিনিয়োগ দাঁড়াবে ৩৬০০০ টাকা।

তিনি বিনিয়োগ তুলে নিতে চাইলে তার টাকায় যে কোম্পানির শেয়ার কেনা হবে, বছর শেষ সে শেয়ারের বাজার দরের ভিত্তিতে পোর্টফোলিওর হিসাব হবে।

যেমন ৩৬০০০ টাকার কোনো শেয়ারের দর তখন ৫০ হাজার টাকা উঠলে, সেই ৫০ হাজার টাকার ওপরই ১ শতাংশ কেটে রাখা হবে।

“যাদের পেনশন নেই, পেনশন হিসেবে কাজ করবে এই সেবা”, বলেন মো. মুনিরুজ্জামান।