২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয় উদ্বোধন

রাজধানীর মতিঝিলের মধুমিতা ভবনে ডিএসই ব্রোকারস এসোসিয়েশনের (ডিবিএ) নতুন কার্যালয়ের যাত্রা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 06:45 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

শনিবার এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, শেয়ারবাজারে আস্থার জন্য স্বচ্ছতা প্রয়োজন।

তিনি বলেন, “একটি শক্তিশালী শেয়ারবাজার গঠনের লক্ষ্যে বিএসইসি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসাবে পাবলিক ইস্যু রুলস-২০১৫ গঠন করা হয়েছে। এতে শেয়ারবাজারে আসতে হলে কোম্পানিগুলোকে অনেক বেশি তথ্য প্রদান করতে হয়, যাতে অনেক স্বচ্ছতা এসে গেছে।”

এসময় প্রত্যেকটি ব্রোকারেজ হাউজে গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদেরকে প্রভাবিত করা বন্ধের আহবান জানান তিনি।

“শেয়ারবাজারের স্বার্থে অনেক সংস্কার করা হয়েছে এবং আরও সংস্কার দরকার আছে। তবে সংস্কারের কারণে কারও কাজে সমস্যা হলে তা সমাধান করা হবে,” বলেন বিএসইসির চেয়ারম্যান।

স্টক এক্সচেঞ্জের জন্য আগামী ডিসেম্বরে স্ট্র্যাটেজিক পার্টনার আনার সময় শেষ হয়ে যাচ্ছে বলে জানান খায়রুল হোসেন।

তিনি বলেন, “ডিসেম্বরে এসে যদি সময় বাড়ানোর দাবি করা হলে, তা পুরো মার্কেটের জন্য দুঃসংবাদ হবে। এক্ষেত্রে সময় চাইলে হয়তো বাড়ানো হবে। তবে এই পার্টনার পাওয়ার জন্য স্টক এক্সচেঞ্জ যে কাজ করছে তা দেখাতে হবে।”

ডিবিএর প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু বলেন, আগামী তিন মাসের মধ্যে সংগঠনটির নির্বাচন হবে। এই নির্বাচনে নতুন নেতৃত্ব উঠে আসবে।

এ সময় টিটু বলেন, কমিশনের নেতৃত্বে সারা দেশে বিনিয়োগকারীদের আর্থিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যব্স্থাপনা পরিচালক একেএম মাজেদুর রহমান বলেন, অর্থনীতির সঙ্গে শেয়ারবাজার জড়িত।

“এতদিন ব্যাংক সেক্টরে কাজ করেছি এখন পুঁজিবাজার নিয়ে কাজ করব। এটি আমার জন্য নতুন চ্যালেঞ্জ এবং তা গ্রহণ করতে আগ্রহী।”

অনুষ্ঠানে বিএসইসির কমিশনার স্বপন কুমার বালা, সালাম শিকদার, ডিএসই চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও ডিবিএর সদস্যরা উপস্থিত ছিলেন।