আইপিও ছাড়বে ইয়াকিন পলিমার
পুঁজিবাজারে নতুন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়বে পিপি ওভেন ব্যাগ প্রস্তুতকারী কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেড।
নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবারের নিয়মিত সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইয়াকিন পলিমার পুঁজিবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটিকে শেয়ার ইস্যু করার অনুমোদন দেওয়া হয়েছে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে একটাকা ৪১ পয়সা; শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৪ টাকা ৬১ পয়সা।
বাজার থেকে যে টাকা তুলবে তা দিয়ে মেশিনারি ক্রয়, কারখানা ও প্রশাসনিক ভবন নির্মাণ এবং আনুষঙ্গিক খাতে ব্যয় করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
