২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ সিমেন্ট কোম্পানির মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের পাঁচ কোম্পানি চলতি বছরের প্রথম তিন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে বলে জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 04:23 PM

Updated : 20 Aug 2022, 12:42 PM

এগুলো হলো- আরামিট, কনফিডেন্স, হাইডেলবার্গ, এম আই ও প্রিমিয়ার সিমেন্ট।

সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত ২০১৬ সালের জানুয়ারি-মার্চ সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এই চিত্র দেখানো হয়েছে।

বাজারে তালিকাভুক্ত মোট সাত কোম্পানির মধ্যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ৬টি কোম্পানি, যার মধ্যে লাফার্জ সুরমা সিমেন্টের আয় কমেছে বলে দেখানো হয়েছে।

এই সময়কে বছরের প্রথম প্রান্তিক ধরে প্রকাশিত প্রতিবেদন করেছে আরামিট, কনফিডেন্স ও হাইডেলবার্গ সিমেন্ট।

এর মধ্যে আরামিটের ইপিএস ৩৩ শতাংশ বেড়ে ২৪ পয়সা, কনফিডেন্সের ইপিএস ৪২ শতাংশ বেড়ে ২ টাকা ২২ পয়সা এবং হাইডেলবার্গ সিমেন্টের ইপিএস ১৮ দশমিক ২৫ শতাংশ বেড়ে ১০ টাকা ৩০ পয়সা হয়েছে বলে দেখানো হয়েছে। 

একই সময়কে ২০১৫-১৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিক ধরে তৈরি প্রতিবেদন প্রকাশ করেছে এম আই ও প্রিমিয়ার সিমেন্ট।

এই তিন মাসে এম আই সিমেন্টের ইপিএস ১০ শতাংশ বেড়ে একটাকা ৭৯ পয়সা; নয় মাসে ১২ শতাংশ বেড়ে হয়েছে ৩ টাকা ৭৯ পয়সা।

আর প্রিমিয়ারের ইপিএস তৃতীয় প্রান্তিকে ৫৭৮ শতাংশ বেড়ে একটাকা ৮৩ পয়সা হয়েছে; নয় মাসে ২৩৪ শতাংশ বেড়ে হয়েছে ৩ টাকা ৮৮ পয়সা।

অন্যদিকে প্রথম প্রান্তিকে লাফার্জ সুরমা সিমেন্টের ইপিএস ১৪ শতাংশ কমে হয়েছে ৪৩ পয়সা।

তালিকাভুক্ত অপর কোম্পানি মেঘনা সিমেন্ট জানুয়ারি-মার্চ সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি।