ডাচ-বাংলার ৪০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংকের শেয়ার হোল্ডাররা ৪০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।
বুধবার ব্যাংকটির ২০তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছিল বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্যাংকটির চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে এই সভা হয়।
এতে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য আবেদুর রশিদ খান, মো. ফখরুল ইসলাম, মো. নাজিম উদ্দিন ভূইয়া, মোহা. খোরশেদ আলম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, কোম্পানি সচিব মো. মনিরুল আলম এবং ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম সাহাবুদ্দিন আহমেদ উপস্থিতিতে বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার যোগ দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ৫৭ দশমিক ৬ মিলিয়ন টাকা, যা আগের বছরে ছিল দুই লাখ ১৫ হাজার ৯৯৩ দশমিক ৫ মিলিয়ন টাকা। প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ২৮ হাজার ৬৪ দশমিক ১ মিলিয়ন টাকা বা ১৩ শতাংশ।
ব্যাংক ২০১৫ সালে ট্যাক্স পূর্ববর্তী নিট মুনাফা অর্জন করে ছয় হাজার ২৬৭ দশমিক ৩ মিলিয়ন টাকা, যা আগের বছরে ছিল চার হাজার ৫১৮ দশমিক ৮ মিলিয়ন টাকা। এখানে প্রবৃদ্ধি হয়েছে ৩৮ দশমিক ৭ শতাংশ।
আর ট্যাক্স পরবর্তী নিট মুনাফা অর্জন করে তিন হাজার ২০ দশমিক ৩ মিলিয়ন টাকা, যা আগের বছরে ছিল দুই হাজার ২০৬ দশমিক ৬ মিলিয়ন টাকা। এই হিসেবে ট্যাক্স পরবর্তী ব্যাংকের প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৯ শতাংশ।
চলতি বছরে শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ দশমিক ১ টাকা, যা আগের বছরে ছিল ১১ টাকা। ২০১৫ সালের শেষে ব্যাংকের মূলধন ও ঝুঁকিভর সম্পদের অনুপাত দাঁড়িয়েছে ১৩ দশমিক৭ শতাংশ, যা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১০ শতাংশ থাকা বাঞ্ছনীয়।
সভা থেকে ২০১৬ সালের জন্য কোম্পানির নিরীক্ষক হিসেবে মেসার্স এ. কাসেম অ্যান্ড কোং -এর নিয়োগ অনুমোদন করা হয়।
