২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ব্যাংকের ১৩ এপ্রিলের ইজিএম স্থগিত

সিটি ব্যাংকের শেয়ার ক্রয়ে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে সম্পাদিত চুক্তি বাস্তবায়নে ব্যাংকটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 03:58 PM

Updated : 12 Apr 2022, 01:41 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয় ।

আগামী ১৩ এপ্রিল সিটি ব্যাংকের ইজিএম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকে প্রায় ১৩২ কোটি টাকা বিনিয়োগ করবে আইএফসি। এজন্য ব্যাংকটি নতুন করে চার কোটি ৬৫ লাখ ২৩১ শেয়ার ইস্যু করবে। প্রতিটি ২৮ টাকা ৩০ পয়সায় কিনবে আইএফসি।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিনিয়োগের ফলে ব্যাংকের পাঁচ শতাংশ শেয়ারের মালিকনা পাবে আইএফসি। তবে বিনিয়োগের বিষয়টি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে কার্যকর হবে।

এ ছাড়া সিটি ব্যাংক সাধারণ শেয়ারে রূপান্তরযোগ্য দুই কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০ কোটি টাকা (প্রতি ডলার ৮০ টাকা হিসাবে) আইএফসির কাছ থেকে ঋণ হিসেবে নেবে।

ছয় মাসের লাইবরের (লন্ডন ইন্টারন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ রেট) চেয়ে ২.৭৫ শতাংশ বেশি হারে সুদের হার কার্যকর হবে।

তিন বছরের মধ্যে সুদসহ ঋণের টাকা পরিশোধ করবে সিটি ব্যাংক। তবে ঋণের এ টাকা আংশিক বা পুরোপুরি ব্যাংকের সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারবে আইএফসি। এক্ষেত্রেও রূপান্তরযোগ্য প্রতিটি শেয়ারের দর হবে ২৮ টাকা ৩০ পয়সা।

এদিকে ব্যাংকের পরিচালনা পর্ষদের এসব সিদ্ধান্ত কার্যকরে সংঘস্মারক ও সংঘবিধিতে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। সংশোধনীসহ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়নে সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদনে বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়।