ঝুঁকির মাত্রা বেশি, লোকসানে বিনিয়োগকারীরা
সারা সপ্তাহ জুড়ে সার্বিকভাবে মূল্য সূচকে ছিল কিছুটা নিম্নমুখী প্রবণতা। বাজার ঝুঁকির মাত্রা ছিল গত সপ্তাহের তুলনায় বেশি।
বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাব (আরআইএল) এমন পর্যবেক্ষণ দিয়েছে।
সাপ্তাহিক বাজার বিশ্লেষণ থেকে সংস্থাটি পর্যবেক্ষণ দিয়ে আরও বলেছে, গত সপ্তাহে বিনিয়োগকারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম ছিল; যা ৬.৪৬% লেনদেন হ্রাসের মাধ্যমে বোঝা যায়।
গত সপ্তাহে এর আগের সপ্তাহের তুলনায় গড় বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে ০ দশমিক ০৯ শতাংশ; বাজার মূলধন বৃদ্ধির সাথে হাওলা কমেছে ৭ দশমিক ৩৫ শতাংশ।
গত সপ্তাহে অনেক বিনিয়োগকারীই প্রত্যক্ষ বিনিয়োগ ও লেনদেনে অংশগ্রহণ না করে বাজার পর্যবেক্ষণ করেছেন বলে প্রতীয়মান হয়।
মাপকাঠি | চলতি সপ্তাহ | গত সপ্তাহ | পরিবর্তন |
ডিএসসিএক্স সূচক | ৪৪৮৪.৫৩ | ৪৪৪৬.২৯ | -০.৮৫% |
গড় বাজার মূলধন (কোটি টাকা) | ৩০৯৬৯৩.৭৯ | ৩০৯৪০১.৩০ | ০.০৯% |
মোট লেনদেন (কোটি টাকা) | ১৫১০.৩৯ | ১৬১৪.৬৫ | -৬.৪৬% |
মোট পরিমাণ (কোটি টাকা) | ৪৩.৯০ | ৪৬.২৬ | -৫.১০% |
মোট হাওলা | ৩৮৮৩২৬ | ৪১৯১১৪ | -৭.৩৫% |
মুনাফা-ঝুঁকি অনুপাত | -২.০১ | ৩.৫৮ | -১৫৬.১০% |
সূত্রঃ রিসার্চ এন্ড ইনোভেশন ল্যাব (RIL), রয়্যাল ক্যাপিটাল লিমিটেড
এ সপ্তাহে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ থেকে সুবিধা করতে তো পারেননি বরং তাদের মধ্যে কেউ কেউ লোকসানের শিকার হয়েছেন।
গবেষণায় দেখা যাচ্ছে, গেল সপ্তাহে গড়ে প্রতি ইউনিট ঝুঁকি গ্রহণের বিপরীতে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে। প্রতি ১ ইউনিট ঝুঁকির বিপরীতে এই লোকসানের পরিমাণ ২ দশমিক ০১ শতাংশ। ফলে, এটি পরিষ্কার বোঝা যায়, যে বাজারের অবস্থা কিছুটা দুর্বল।
এ সপ্তাহে প্রধান মূল্যসূচক ০ দশমিক ৮৫ শতাংশ (৩৮ দশমিক ২৪ পয়েন্ট) হ্রাস পেয়েছে ও বাজার ঝুঁকির মাত্রা ছিল ০ দশমিক ৪২ শতাংশ। বাজারের অ্যাডভান্সড-ডিক্লাইন (এডি) রেশিও ০ দশমিক ৯২ থেকে ০ দশমিক ৯৩ শতাংশে পরিণত হয়েছে।
তবে লক্ষণীয় যে, বহুজাতিক কোম্পানিগুলোর বাজার মূলধন মোট বাজার মূলধনের ৩৩ দশমিক ৫৯ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৩২ শতাংশ। অর্থাৎ বহুজাতিক কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমেছে।
খাতভিত্তিক লেনদেন
গেল সপ্তাহে পেপার ও প্রিন্টিং (১৬৮.৮৮) এবং জুট (১৪৫.৫০) খাতে ছিল সর্বাধিক পি-ই রেশিও, যা এ দুটি খাতের কোম্পানিগুলোর মুনাফার তুলনায় তাদের শেয়ারের উচ্চ চাহিদাকে নির্দেশ করে।
বিনিয়োগকারীদের জন্য লক্ষণীয় যে, গেল সপ্তাহে যদিও পেপার ও প্রিন্টিং উচ্চ পি-ই রেশিও দেখিয়েছে এই খাতের শেয়ারগুলো বিনিয়োগকারীদের এ সপ্তাহে মুনাফা তো দিতেই পারেনি বরং লোকসানের মুখোমুখি করেছে।
ফলে, এই খাতের শেয়ার কেনার ব্যাপারে বিনিয়োগকারীদের উচ্চমাত্রার সাবধানতা অবলম্বন করা উচিৎ। কারণ এমন মুনাফা ও পি-ই এর এমন সম্পর্ক শেয়ার সমূহকে অতি উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত বলে নির্দেশ করে।
বাজারে যে এক ধরনের উদ্দেশ্যপ্রণোদিত লেনদেন হচ্ছে এসব খাতের শেয়ারে তা আরও পরিষ্কার হয়। যখন লক্ষ্য করা যাচ্ছে যে, ইনস্যুরেন্স এবং সিমেন্ট খাত ছিল পি-ই রেশিওর ক্ষেত্রে তুলনামুলকভাবে কম। যদিও এসব খাতের শেয়ারগুলো গত সপ্তাহে গড়ে সবই লাভ এনে দিয়েছে বিনিয়োগকারীদের জন্য।
লক্ষণীয় শেয়ার
এ সপ্তাহে সাপ্তাহিক মুনাফার দিক থেকে শীর্ষ পাঁচ শেয়ার ছিল- কেয়া কসমেটিক্স (১৯.৮%), আমান ফিড (১৬.৭%), ওরিয়ন ইনফউশন (১৫.৪%), এএফসি এগ্রো (১১.৫%) এবং প্রগতি লাইফ (১১.২%)।
এবং সর্বনিম্ন পাঁচ শেয়ার ছিল- এনসিসিবিএল মি. ফা. ১ (-১২.৫%), ইউসিবি (-১২.0%), ইস্টার্ন লুব্রিক্যান্ট (-৯.৫%), বিএসআরএম লিমিটেড (-৯.২%) এবং সামিট পাওয়ার (-৯.০%)।
দামের ওঠানামায় ঝুঁকির পরিমাপে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ পাঁচ শেয়ার ছিল- বার্জর ইপিএল (৪৪.৭৫), ইস্টার্ন লুব্রিক্যান্ট (২৪.৫০), মারিকো (২০.২০), জেসিনি সি ফুড (১৬.৮৭) এবং এরামিট (১৬.৩৭)।
টাকার পরিমাপে বাজারে মোট লেনদেনের শতাংশ হিসেবে সর্বাধিক লেনদেন হয়- আমান ফিড (৪.৭৭%), লংকা বাংলা (৩.৭২%), ওরিয়ন ফার্মা (৩.০০%), এএফসি এগ্রো (২.৯৩%) এবং সামিট পাওয়ারের (২.৭০%)।
অন্যদিকে সপ্তাহের মোট লেনদেনকৃত শেয়ারের সংখ্যার অনুপাতে সর্বোচ্চ শেয়ার লেনদেন হওয়া শীর্ষ পাঁচি কোম্পানি হচ্ছে কেয়া কসমেটিক্স (৫.৯১%), লংকা বাংলা (৩.৪৯%), সিএমসি কামাল (৩.৪৪%), ওয়ান ব্যাংক লিমিটেড (২.৮৫%) এবং ইউনাইডেড এয়ার (২.৫৫%)।
মোট বাজার মূলধনের অনুপাতে সর্বোচ্চ মূলধন সৃষ্টিকারী পাঁচ কোম্পানি ছিল- জিপি (১০.৪১%), স্কয়ার ফার্মা (৫.২৮%), ব্যাট বিসি (৪.৮৯%), লাফার্জ সুরমা (২.৭০%) এবং রেনেটা (২.১১%)।
সবচেয়ে বেশী সংখ্যক লেনদেন হয়- আমানফিড (১০৭৬৫), কেয়াকসমেটিক্স (১০৭৪২), আইটিসি (৮৪২৯), বিএসসিসিএল (৮১৪৪) এবং সিএমসিএল (৮০৭৪)।
বাজার নিয়ে আভাস
গেল সপ্তাহ এবং তার আগের কয়েক সপ্তাহের বাজার পরিস্থিতি ও গবেষণার প্রেক্ষিতে আগামী সপ্তাহের বাজার কিছুটা ঝুঁকিপূর্ণ হবে বলে ধারণা আরআইএলের।
সংস্থাটি মনে করছে, সূচকের উঠানামা এ সপ্তাহের তুলনায় ভিন্নতা থাকতে পারে। সেই সাথে বাজার থেকে লাভ তুলে নেওয়া কঠিন হতে পারে।
গেল সপ্তাহের নিম্নমুখী প্রবণতা আগামী সপ্তাহে কিছুটা চলমান হবে বলেও ধারণা করছে সংস্থাটি।
