ঝুঁকির বাজারে মুনাফার দেখা
টানা কয়েক সপ্তাহ লোকসান গুণতে থাকা বিনিয়োগকারীরা মুনাফার দেখা পেয়েছেন গত সপ্তাহের ‘ঝুঁকিপূর্ণ’ বাজারে। তবে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল অপেক্ষাকৃত কম।
বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাব (আরআইএল) এমন পর্যবেক্ষণ দিয়েছে।
সাপ্তাহিক বাজার বিশ্লেষণ থেকে সংস্থাটি পর্যবেক্ষণ দিয়ে আরও বলেছে, গত সপ্তাহে বিনিয়োগকারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম ছিল, যা ২৮.০২% লেনদেন হ্রাসের মাধ্যমে বোঝা যায়।
আর আগের সপ্তাহের তুলনায় গড় বাজার মূলধন হ্রাস পেয়েছে ০.৯০%, বাজার মূলধন হ্রাসের সঙ্গে হ্রাস পেয়েছে ১৯.১৪% হাওলা।
আরআইএল বলছে, বাজারের এ চিত্র থেকে বোঝা যায় বিনিয়োগকারীরা প্রত্যক্ষ বিনিয়োগ ও লেনদেনে অংশ না নিয়ে বাজার পর্যবেক্ষণ করেছেন।
মাপকাঠি | চলতি সপ্তাহ | গত সপ্তাহ | পরিবর্তন |
ডিএসসিএক্স সূচক | ৪৪৮৪.৫৩ | ৪৪৭২.৮৪ | ০.২৬% |
গড় বাজার মূলধন (কোটি টাকা) | ৩০৯৪০১.৩০ | ৩১২২০৭.২৫ | -০.৯০% |
মোট লেনদেন (কোটি টাকা) | ১৬১৪.৬৫ | ২২৪৩.৩১ | -২৮.০২% |
মোট পরিমাণ (কোটি টাকা) | ৪৬.২৬ | ৬১.৯০ | -২৫.২৭% |
মোট হাওলা | ৪১৯১১৪ | ৫১৮২৯৮ | -১৯.১৪% |
মুনাফা-ঝুঁকি অনুপাত | ১.১৭ | -৫.২০ | ১০৩.৭০% |
সূত্রঃ রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাব (আরআইএল), রয়্যাল ক্যাপিটাল লিমিটেড
পর্যবেক্ষণে দেখা গেছে, গত সপ্তাহে গড়ে প্রতি ইউনিট ঝুঁকি গ্রহণের বিপরীতে বিনিয়োগকারীদের মুনাফার পরিমাণ ১.১৭, যা বাজারের সবল অবস্থা নির্দেশ করে।
গত সপ্তাহে প্রধান মূল্যসূচক ০.২৬% (১১.৬৯ পয়েন্ট) বৃদ্ধি পেয়েছে ও বাজার ঝুঁকির মাত্রা ছিল ০.২২%। বাজারের অ্যাডভান্সড-ডিক্লাইন (এডি) রেশিও ০.৯০ থেকে ০.৯২ তে পরিণত হয়েছে, যেটি থেকে বোঝা যায় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা নিম্নমুখীর তুলনায় বেশি ছিল।
তবে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর বাজার মূলধন মোট বাজার মূলধনের ৩৩.৮৫% থেকে কমে দাঁড়িয়েছে ৩৪.৫৯%। অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা হ্রাস পেয়েছে।
খাত ভিত্তিক লেনদেন
গত সপ্তাহে পেপার ও প্রিন্টিং (১৬৩.৪৪) ও জুট (১৪৪.৯৬) খাতে ছিল সর্বাধিক পি-ই রেশিও, যা এ দুটি খাতের কোম্পানিগুলোর মুনাফার তুলনায় তাদের শেয়ারের উচ্চ চাহিদাকে নির্দেশ করে।
বিনিয়োগকারীদের জন্যে লক্ষণীয়, গত সপ্তাহে যদিও পেপার ও প্রিন্টিং উচ্চ পি-ই রেশিও দেখিয়েছে এই খাতের শেয়ারগুলো বিনিয়োগকারীদের এ সপ্তাহে মুনাফাতো দিতেই পারেনি বরং লোকসানের মুখোমুখি করেছে।
ফলে এই খাতের শেয়ার কেনার ব্যাপারে বিনিয়োগকারীদের উচ্চমাত্রার সাবধানতা অবলম্বন করা উচিৎ। কারণ এমন মুনাফা ও পি-ই-এর সম্পর্ক শেয়ার সমূহকে অতি উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত বলে নির্দেশ করে।
লক্ষণীয় শেয়ার
গত সপ্তাহে সাপ্তাহিক মুনাফার দিক থেকে শীর্ষ ৫ শেয়ার ছিল- ইস্টার্ন লুব্রিকেন্ট (৩৯.৯%), জিপিএইচ ইস্পাতি (২২.৭%), জেমিনিসিফুড (১৫.৯%), লিব্রা ইনফিউশন (১৩.৫%) এবং সিএমসি কামাল (১২.৭%)।
এবং সর্বনিম্ন ৫ শেয়ার ছিল- বিডি ল্যাম্পস (-১৪.৩%), ইস্টার্ন ব্যাংক (-১২.০%), সোনারগাঁও টেক্সটাইল (-১০.০%), কে অ্যান্ড কিউ (-৯.১%) এবং গ্রিন ডেল্টা (-৯.১%)।
দামের ওঠানামায় ঝুঁকির পরিমাপে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ৫ শেয়ার ছিল- ইস্টার্ন লুব্রিকেন্ট (৬৮.২৯), জেমিনিসিফুড (৩২.৮২), মারিকো (২৬.০১), লিব্রা ইনফিউশন (২১.৭৩) এবং বিএটিবিসি (১৭.৭৭)।
টাকার পরিমাপে বাজারে মোট লেনদেনের শতাংশ হিসেবে সর্বাধিক লেনদেন হয়েছে- বিএসআরএম (৫.৩২%), লংকা বাংলা (৪.৯৭%), ওরিয়নফার্মা (৩.৫৭%), সিএমসিকামাল (৩.৫০%) এবং কাশেম ড্রাইসেল (৩.১৫%)।
অন্যদিকে সপ্তাহের মোট লেনদেনকৃত শেয়ারের সংখ্যার অনুপাতে সর্বোচ্চ শেয়ার লেনদেন হওয়া শীর্ষ ৫ কোম্পানি- সিএমসি কামাল (৫.৫৪%), ইউনাইটেড এয়ার (৪.৫৮%), লংকা বাংলা (৪.২৮%), ওরিয়নফার্মা (৩.০৩%) এবং ওয়ানব্যাংক (২.৯৬%)।
মোট বাজার মূলধনের অনুপাতে সর্বোচ্চ মূলধন সৃষ্টিকারী ৫ শেয়ার ছিল- জিপি (১০.৬০%), স্কয়ারফার্মা (৫.৩৩%), বিএটিবিসি (৫.২৬%), লাফার্জ (২.৭০%) এবং রেনেটা (২.১১%)।
সবচেয়ে বেশি সংখ্যক লেনদেন সংঘটিত হয়েছে- কাশেম ড্রাইসেল (১৩৯৩৩), সিএমসি কামাল (১২৩২৮), লংকা বাংলা (১১৭০৮), বিএসআরএম (১১২৭৩) ও আইটিসি (১০৬৬৭)।
বাজার নিয়ে আভাস
গত সপ্তাহ এবং তার আগের কয়েক সপ্তাহের বাজার পরিস্থিতি ও গবেষণার প্রেক্ষিতে, আগামী সপ্তাহের বাজার কিছুটা কম ঝুঁকিপূর্ণ হবে বলে আরআইএল এর ধারণা।
একই সঙ্গে সূচকের ওঠানামা গত সপ্তাহের তুলনায় ভিন্নতা থাকতে পারে এবং ঊর্ধ্বমুখী প্রবণতা আগামী সপ্তাহে কিছুটা চলমান হবে বলে ধারণা করা যাচ্ছে।
