পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ দাবি
মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আগামী বাজেটে পুঁজিবাজারে কালোটাকা (অপ্রদর্শিত অর্থ) বিনিয়োগের সুযোগ চায় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার শেরেবাংলা নগরে মন্ত্রীর দপ্তরে অ্যাসোসিয়েশনের সভাপতি মোহা. সায়েদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, “তারা (মার্চেন্ট ব্যাংকাররা) মূলত দেশের পুঁজিবাজারকে কীভাবে শক্তিশালী করা যায়, তার পরামর্শ ও সহযোগিতা পাওয়ার জন্য আমার সঙ্গে দেখা করতে আসেন।”
দেশের সামষ্টিক অর্থনীতির তুলনায় পুঁজিবাজার অনেক দুর্বল অবস্থায় রয়েছে- মার্চেন্ট ব্যাংকারদের এমন অভিমত তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, “তারা বলেছেন, একমাত্র সরকারই এ অবস্থা থেকে দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে পারে।
“তারা আগামী বাজেটে পুঁজিবাজারবান্ধব নীতি সহায়তা চেয়েছেন। বিশেষ করে, আগামী বাজেটে কালোটাকা বা অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ চেয়েছেন তারা। সুদের হার কমানোর প্রস্তাবও তারা দিয়েছেন।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর প্রথম বাজেটে (২০০৯-১০) পুঁজিবাজারসহ চারটি খাতে ১০ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে প্রায় ৪২৩ কোটি 'কালো' টাকা পুঁজিবাজারে খাটানো হয়। ২০১০-১১ অর্থবছরে ওই সুযোগ ছিল না। ২০১০ সালে পুঁজিবাজারে ধসের পর তা ‘চাঙ্গা’ করতে ফের কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরে ওই সুযোগে পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগ হয় মাত্র ৫২০ কোটি টাকা।
এরপর এনবিআর জানায়, পরপর দুই বছর পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হলেও বিনিয়োগকারীদের মাঝে খুব উৎসাহ দেখা যায়নি। রাজস্বও এসেছে অনেক কম। তাই ২০১৩-১৪ অর্থবছর থেকে সে সুযোগ বন্ধ করা হয়।
তবে বর্তমান আয়কর আইনে যে কেউ নির্ধারিত করহারের সঙ্গে ১০ শতাংশ জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারসহ যে কোনো খাতে বিনিয়োগ করতে পারবে।
মুস্তফা কামাল বলেন, “আমি শেয়ারবাজারের কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কেউ না হলেও শেয়ারবাজারে একসময় আমার বিনিয়োগ ছিল। আমার পড়াশুনার সঙ্গে সংশ্লিষ্ট বলেই তারা আমার কাছে এসেছে। তারা আমাকে অ্যাম্বাসেডর (দূত) হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছেন।
“তাদেরকে আমি বলেছি, শেয়ারবাজারের উন্নয়নে কাজ করবে মূলত নিয়ন্ত্রক সংস্থা- এসইসি। পুঁজিবাজার দীর্ঘসময়ের বাজার। এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। এখানে ফটকাবাজি করে কাজ হবে না।"
পরিকল্পনামন্ত্রী মনে করেন, সংশ্লিষ্টরা নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করতে পারলে পুঁজিবাজার স্থিতিশীল হবে।
বৈঠকে লংকাবাংলা ইনভেস্টমেন্টের নির্বাহী পরিচালক খন্দকার কায়েস হাসান, প্রাইম ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন, এআইবিএলের প্রধান নির্বাহী মোহা. গোলাম সারওয়ার ভূইয়া অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
