২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো টাকা বিনিয়োগের সুযোগ পুঁজিবাজারসহ সব ক্ষেত্রেই

বাজেট ঘোষণার পর পুঁজিবাজারে দরপতনের জন্য কালোটাকা বিনিয়োগ নিয়ে ধূম্রজাল সৃষ্টিকে দায়ী করার প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আবারো বলেছেন, বিদ্যমান আইনে জরিমানা দিয়ে যে কোনো খাতেই অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ থাকছে।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 12:36 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

আবুল মাল আবদুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “বর্তমান আয়কর আইনে যে কেউ নির্ধারিত করহারের সঙ্গে ১০ শতাংশ জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারসহ যে কোনো খাতে বিনিয়োগ করতে পারবে।”

জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, কোনো বিনিয়োগকারী কালো টাকা বা অপ্রদর্শিত আয় পুঁজিবাজার বা অন্য কোনো খাতে বিনিয়োগ করতে চাইলে প্রথমে তাকে বাজেটে ঘোষিত করহারের যে স্তরগুলো আছে সেই স্তর অনুযায়ী কর পরিশোধ করতে হবে। তারপর সেই করের সঙ্গে ১০ শতাংশ জরিমানা দিতে হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী বাজেট ঘোষণার পর পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকা না থাকা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়। কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশও হয়- ‘বাজেটে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ নেই’।

এর পরিপ্রেক্ষিতে বাজেট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, বিদ্যমান আইনে যে কোনো খাতে কালো টাকা সাদা করার সুযোগ আছে।

তার ওই ঘোষণার পরও সপ্তাহের প্রথম দেনদেন দিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমে ১৬৭ পয়েন্ট, দর কমে প্রায় সব (২৫৬টি) কোম্পানির শেয়ারের।

তবে সোমবার ডিএসসিতে সূচক বেড়েছে ১৩৩ পয়েন্ট। এদিন ২৭৩ টি কোম্পানিরই দর বেড়েছে।

এজন্য ওই ধূম্রজালকে দায়ী করে ডিএসই সভাপতি রকিবুর রহমান বলেন, পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখা হয়নি বলে গুজব ছড়ানোয় বাজার পড়েছে।

পুঁজিবাজারে কালো টাকা সাদা করা নিয়ে বিভ্রান্তি দূর করতে সংসদে অর্থমন্ত্রীর স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করেছেন তিনি।

প্রস্তাবিত ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের জন্য ‘বিশেষ’ সুযোগের ঘোষণা দেন মুহিত।

২০১১-১২ অর্থবছরের বাজেটে ১০ শতাংশ হারে কর পরিশোধ করে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের যে সুযোগ দেয়া হয়, যার মেয়াদ অর্থবছরের শেষ দিন ৩০ জুন শেষ হয়ে যাবে।

এই মেয়াদ পুনরায় বাড়ানো বা তুলে নেয়া কোনো বিষয়েই অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় কিছু বলেননি। অর্থ আইন-২০১৩ এও এ বিষয়ে কিছু বলা হয়নি।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবার বলেছেন, “অপ্রদর্শিত আয়কে বিনিয়োগে ব্যবহার করার জন্য এদেশে বহুবার নানা ধরনের সুবিধা প্রদান করা হয়েছে। কিন্তু তাতে কখনো তেমন ফল পাওয়া যায়নি।

“আমরা এখন আইন করেছি যে, অপ্রদর্শিত আয়ে যে করহার প্রযোজ্য তার সঙ্গে ১০ শতাংশ অর্থ্যাৎ আয়ের আড়াই শতাংশ জরিমানা দিয়ে উক্ত আয় বিনিয়োগ করা যায়।”

পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগ নিয়ে অর্থমন্ত্রী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা পারমানেন্ট একটি আইন করে দিয়েছি। ওই আইনে পুঁজিবাজারসহ যে কোনো খাতে কালো টাকা বিনিয়োগ করা যাবে।”

“একটি পারমানেন্ট ব্যবস্থার জন্যই আমরা এই আইন করেছি।”

‘বাজেট ২০১৩-১৪ এ আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবনা’ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে দেয়া হয়েছে।

তাতে পুঁজিবাজার সংক্রান্ত প্রস্তাবনায় বলা হয়েছে, ‘পুঁজিবাজারে কর অনারোপিত আয় বিনিয়োগের উপর ১০ শতাংশ কর পরিশোধ সাপেক্ষে বিবেচনা সংক্রান্ত বিধানের মেয়াদ ৩০ জুন ২০১৩ তে সমাপ্ত হবে। এর মেয়াদ পুনরায় বৃদ্ধি করা হয়নি।”

এনবিআরের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০ শতাংশ সুদ দিয়ে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের যে সুযোগ আছে, তা ৩০ জুন পর্যন্ত করা যাবে।

“শেষ সময়ে সবাই সুযোগ কাজে লাগায়- এটা আমাদের সংস্কৃতির একটা অংশ। ৬ জুন অর্থমন্ত্রী যদি আরো সময় বাড়ানোর ঘোষণা দিতেন, তাহলে জুন মাসের বাকি কদিনে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগ করতে তেমন কেউ আগ্রহ দেখাতেন না। সবাই আবার অপেক্ষা করতেন।” 

“সরকার যদি মনে করে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার বিশেষ কোনো সুযোগ দেবে তাহলে বাজেট পাসের আগের দিন অর্থমন্ত্রী তার সমাপনী বাজেট বক্তৃতায় ঘোষণা দেবেন,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা।

বর্তমানে ব্যক্তিশ্রেণির করদাতাদের কর পরিশোধের ক্ষেত্রে পাঁচটি স্তর বা ধাপ আছে।

নতুন বাজেটে ২ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। যারা বছরে এই পরিমাণ আয় করবেন, তাদের কোনো কর দিতে হবে না।

দ্বিতীয় স্তরটি হচ্ছে তিন লাখ টাকা পর্যন্ত। এই স্তরের করদাতাদের ১০ শতাংশ হারে কর দিতে হবে।

পরবর্তী ধাপটি হচ্ছে চার লাখ টাকা পর্যন্ত। এই স্তরের করদাতাদের ১৫ শতাংশ হারে কর দিতে হবে। পরের ধাপটি হচ্ছে তিন লাখ টাকা পর্যন্ত। এ ধাপে করের হার ২০ শতাংশ।

অবশিষ্ট মোট আয়ের ওপর অর্থ্যাৎ পঞ্চম স্তরে ২৫ শতাংশ হারে কর দিতে হবে।

উদাহরণ দিয়ে এনবিআরের ওই কর্মকর্তা বলেন, ধরা যাক শেষ ধাপের একজন ১০০ টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করবেন। সেক্ষেত্রে ওই বিনিয়োগকারীকে প্রথমে ২৫ শতাংশ হারে অর্থ্যাৎ ২৫ টাকা কর পরিশোধ করতে হবে। তারপর ওই ২৫ শতাংশ করের ওপর আরো ১০ শতাংশ (দুই টাকা ৫০ পয়সা) জরিমানা দিতে হবে।

অর্থ্যাত পঞ্চম ধাপের করদাতাকে ১০০ টাকা সাদা করতে হলে ২৫ টাকা নির্ধারিত কর এবং আড়াই টাকা জরিমানাসহ মোট ২৭ টাকা ৫০ পয়সা পরিশোধ করতে হবে।

অন্যান্য ধাপের করদাতারাও নির্ধারিত করের সঙ্গে ১০ শতাংশ জরিমানা দিয়ে পুঁজিবাজারসহ অন্যান্য খাতে বিনিয়োগ করতে পারবেন।