২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ কোম্পানির পরিচালকদের জরিমানা

আর্থিক প্রতিবেদনে জমা না দেওয়া ও প্রতিবেদনে অসত্য তথ্য দেওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির পরিচালকদের জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2016, 09:44 PM

Updated : 12 Apr 2022, 01:23 AM

মঙ্গলবার বিএসইসির নিয়মিত সভায় জরিমানা করার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খাজা মোজাইক টাইলস অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সালেহ কার্পেট মিলস লিমিটেড, ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জাগো কর্পোরেশন লিমিটেড এবং এম হোসাইন গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডায়িং লিমিটেড- এই পাঁচ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে এই জরিমানা করা হয়।

তবে কোম্পানিগুলোর ‘স্বতন্ত্র পরিচালকদের’ এই জরিমানার বাইরে রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় বিএসইসি।

এতে বলা হয়, পাঁচ কোম্পানির মধ্যে খাজা মোজাইক টাইলস অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।

কোম্পানিটির ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেয়নি।

এছাড়া ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সময়ে সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সময়ের সমাপ্ত অর্ধবার্ষিকের আর্থিক প্রতিবেদন এবং ২০১৫ সালের ৩১ মার্চ সময়ে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন জমা দেয়নি এই কোম্পানি, যা আইনের লঙ্ঘন।

সালেহ কার্পেট মিলসের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয় ।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয় সালেহ কার্পেট। অনুরুপভাবে ২০১৫ সালের ৩১ মার্চ সময়ে সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দাখিল করেনি তারা ।

ফনিক্স ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে দুই লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি।

ফনিক্স ইন্স্যুরেন্স ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণীতে অসত্য তথ্য উপস্থাপন করে। ফলে এই সময়ে কোম্পানির মুনাফা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) অতিমূল্যায়িত (ওভারস্টেটেড) হয়েছে।

জাগো করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে দুই লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৫ সালের ৩১ মার্চ সময়ে সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার জন্য তাদের এই জরিমানা করা হয় ।

এম হোসাইন গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডায়িংয়ের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককেও দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।

এই কোম্পানি বিভিন্ন প্রান্তিকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে বলে বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়।