২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক পতনের আরেকটি দিন

গেল সপ্তাহের মতো এ সপ্তাহের প্রথম কর্মদিবসটিও সূচক কমার ধারার মধ্যেই কাটিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।এ নিয়ে টানা আটদিন ডিএসইতে চলল সূচকের পতন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 04:25 PM

Updated : 11 Oct 2022, 07:42 PM

শুধু ঢাকাই নয়, রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে।

আট দিনে ১৫৭ পয়েন্ট সূচক কমেছে ডিএসইতে। এই বাজারে সূচক দেড় মাসের মধ্যে এখন সবচেয়ে নিচে অবস্থান করছে ।

রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৩ পয়েন্ট কমে চার হাজার ৫৪১ পয়েন্ট হয়েছে।

এর আগে এরচেয়ে কম সূচক ছিল ২০১৫ সালের ২০ ডিসেম্বর, চার হাজার ৫১২ পয়েন্ট।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৬ পয়েন্ট কমে হয়েছে ১৪ হাজার ছয় পয়েন্ট।

তবে পতনের ধারা থেকে বেরিয়ে বাজার আবার ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান বিনিয়োগ কর্মকর্তা এমরান হাসান বলেন, “ভ্রান্ত ধারণা থেকে পড়ছে পুঁজিবাজার।বিনিয়োগকারীরা মনে করছেন একমির আইপিওকে ঘিরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা লেনদেন কমিয়ে দেবেন, যা আসলে ঠিক নয়।

“যেহেতু এটি ভ্রান্ত ধারণা, তাই বাজার আবার ঘুরে দাঁড়াবে।”

রোববার ডিএসইতে ৩৯৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে দুই শতাংশ কম।

এই বাজারে লেনদেনে থাকা ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ২৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।

সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে এক দশমিক দুই শতাংশ কম।

লেনদেনে থাকা ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৭৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।