২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেতা সঙ্কটে শেয়ারবাজার, টানা ৪ দিন দরপতন

টানা চার দিন ধরে সূচক পড়ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে; লেনদেন দুইশ কোটি টাকা কমে পাঁচশ কোটির ঘরে নেমেছে।

ফারহান ফেরদৌস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 06:36 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

পুরনো খবর:

একমি ল্যাবরেটরিজের নিলামে অংশ নিতে নিবন্ধন শুরু

ওষুধ খাতের একটি কোম্পানির শেয়ারের নিলামে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশ নেওয়ার খবরে বাজারের বিক্রির চাপ বাড়তে পারে- এমন আশঙ্কা থেকে বিনিয়োগকারীরা লেনদেন থেকে দূরে থাকায় স্থবিরতা চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চার কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট কমে সোমবার ৪ হাজার ৬২০ পয়েন্টে নেমেছে; লেনদেন ২০৬ কোটি টাকার বেশি কমে ৫১৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

গত সপ্তাহের মঙ্গলবার ডিএসইএক্স বেড়ে ৪ হাজার ৬৯৮ পয়েন্টে ছিল; ওই দিন বাজারে লেনদেন হয় ৭২১ কোটি টাকার শেয়ার।

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা ওষুধ খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজের শেয়ারের নিলামে অংশ নিতে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োকারীদের নিবন্ধন রোববার থেকে শুরু হয়েছে।

আর একমি ল্যাবরেটরিজের শেয়ারের নিলামকে কেন্দ্র করেই পুঁজিবাজারে মন্দাভাব বিরাজ করছে বলে মনে করেন ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একমি ল্যাবরেটরিজের দুই কোটি শেয়ারের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১৫০ কোটি টাকা লাগবে। এ কারণে হয়তো অনেকে আপাতত শেয়ার কিনছে না।

“তাই শেয়ারের চাহিদা কমে গেছে, পুঁজিবাজারে দেখা দেখা দিয়েছে স্থবিরতা।”

একমি ল্যাবরেটরিজ বাজারে ৫ কোটি শেয়ার ছাড়বে, যার মধ্যে ৪০ শতাংশ অর্থাৎ ২ কোটি শেয়ার নিলামের মাধ্যমে নিতে পারবেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

নিলামে অংশ নেওয়ার জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন চলবে; নিবন্ধনের পর ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিলাম চলবে।

১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৬১ টাকা প্রিমিয়াম যোগ করে শেয়ার ছাড়ার দাম (ইন্ডিকেটিভ প্রাইস) ধরা হয়েছে ৭১ টাকা। এর ২০ শতাংশ বেশি বা কম ধরে ৫৬ টাকা ৮০ পয়সা থেকে ৮৫ টাকা ২০ পয়সার মধ্যে দর প্রস্তাব করতে পারবে নিলামে অংশগ্রহণকারীরা।

নিলামে অংশ নেওয়ার প্রস্তাবিত শেয়ারের দামের ২০ শতাংশ অগ্রিম জমা দিতে হবে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের।

এ পরিমাণ টাকা যোগানোর জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজার থেকে দূরে রয়েছে- এমন যুক্তি মানতে নারাজ হলেও বিক্রির চাপে বাজার পড়ে যেতে পারে শঙ্কায় বাজারে ক্রেতা সঙ্কট রয়েছে বলে মনে করেন এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান বিনিয়োগ কর্মকর্তা এমরান হাসান।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একমি ল্যাবরেটরিজের নিলামে অংশ নিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আপাতত ৩২ কোটি টাকার মতো আপাতত লাগতে পারে।

“বাকি টাকা লাগবে ফেব্রুয়ারির শেষে। এই পরিমাণ টাকা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য কিছুই না। কিন্তু বিনিয়োগকারীরা বিশ্বাস করতে শুরু করেছে, এখন বিক্রির চাপ আসবে, তাই পজেশন নেওয়া যাবে না।”

তবে ডিএসইতে লেনদেন সোমবার আগের দিনের দিনের চেয়ে ২০ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে; লেনদেনে থাকা ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।

এদিন ডিএসইতে সূচক কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে; সিএসই সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৪৫ পয়েন্টে ওঠে।

সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ১০ দশমিক ৩৪ শতাংশ কমে ৩৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়; লেনদেনে থাকা ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১১৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।