একমি ল্যাবরেটরিজের নিলামে অংশ নিতে নিবন্ধন শুরু
বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য অপেক্ষমাণ একমি ল্যাবরেটরিজের শেয়ারের নিলামে অংশগ্রহণকারীদের নিবন্ধন রোববার থেকে শুরু হয়েছে।
৩১ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিবন্ধন করতে পারবে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
নিলামে অংশগ্রহণকারীদের ডিএসইর অনুকূলে প্রতিটি নিলামের পাঁচ হাজার টাকা পে-অর্ডার করতে অনুরোধ করা হয়েছে।
একমি ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ারের নিলাম ১ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।
নিলামের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যে দাম নির্ধারণ করবে সাধারণ বিনিয়োগকারীরা ওই দামে শেয়ার কিনবে।
একমি ল্যাবরেটরিজ
নিয়ম অনুযায়ী, নিলামে অংশগ্রহণকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সম্ভাব্য মূল্য ও শেয়ারের পরিমাণ প্রস্তাব করবেন ।
কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সর্বোচ্চ ৫টি নিলামে অংশ নিতে পারবে, কিন্তু বরাদ্দ শেয়ারের ৫ শতাংশর বেশি নিতে পারবে না।
১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৬১ টাকা প্রিমিয়াম যোগ করে শেয়ার ছাড়ার দাম (ইন্ডিকেটিভ প্রাইস) ধরা হয়েছে ৭১ টাকা। এর ২০ শতাংশ বেশি বা কম ধরে ৫৬ টাকা ৮০ পয়সা থেকে ৮৫ টাকা ২০ পয়সার মধ্যে দর প্রস্তাব করতে পারবে নিলামে অংশগ্রহণকারীরা।
এর পর সর্বশেষ যে দামে ২ কোটি শেয়ার পুরোটার নিলাম শেষ হয়ে যাবে সেটা হবে ‘কাট অফ প্রাইস’। ওই দামেই সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার কিনবেন। আর যতগুলো দর প্রস্তাব করা হবে তার ‘ওয়েটেড এভারেজ’ করে যে দাম হবে তা দেবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দর।
ধরা যাক, নিলামে প্রথম এককোটি শেয়ারে ৮৫ টাকা ২০ পয়সা প্রস্তাব এলো, পরের এককোটিতে প্রস্তাব এলো ৭১ টাকা। তাহলে কাট অফ প্রাইস হবে ৭১ টাকা। ওয়েটেড এভারেজ করা হবে ৮৫ টাকা ৮৫ পয়সা ও ৭১ টাকার মধ্যে।
নিলামের মাধ্যমে ইস্যু মূল্য (শেয়ারের দর) নির্ধারণ করে পরবর্তীতে প্রসপেক্টাস অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল লিমিটেড। আর রেজিস্টার টু দ্য ইস্যু হিসাবে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
