আশা জাগানো ওষুধ খাত দখল করছে পুঁজিবাজার
কয়েক বছর ধরে চলে আসা মন্দার মধ্যেও বাংলাদেশের পুঁজিবাজারে দৃঢ় অবস্থান ধরে রেখেছে ওষুধ শিল্প খাতের শেয়ার; রপ্তানি বাণিজ্যে সম্ভাবনার খবরে আশার পালে লেগেছে নতুন হাওয়া।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জানুয়রি মাসের তথ্য পর্যালোচনায় দেখা যায়, মোট বাজার মূলধনের ১৫ দশমিক ৬ শতাংশই ওষুধ খাতের কোম্পানিগুলোর দখলে।
এর পরই রয়েছে ব্যাংক খাত; যাদের হাতে রয়েছে ১৫ দশমিক ৪ শতাংশ। তৃতীয় স্থানে টেলিকম খাত, ১৪ দশমিক ৪ শতাংশ।
দুই বছর আগেও মোট বাজার মূলধনের ২০ শতাংশ ছিল ব্যাংকের শেয়ারের। গত কয়েক বছরে ব্যাংক খাত পিছিয়ে পড়লেও ওষুধ শিল্প খাত টলেনি।
২০১০ সালে যেখানে ওষুধ খাতের শেয়ার দাম ও শেয়ারপ্রতি আয়ের অনুপাত (প্রাইস আর্নিং রেশিও) ছিল ৩৫ দশমিক ১২, মুনাফা বাড়ায় সেই পিই এখন ২২ দশমিক ৮০ হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ২০১০ সালের ব্যাপক ধসেও ওষুধ খাতের তালিকাভুক্ত শেয়ার স্কয়ার ফার্মার শেয়ারে বিনিয়োগকারীদের ক্ষতি হয়নি। রোববার এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৫৭ টাকায়।
এই হিসাবে দেখা যায়, ২০১০ সালের সবচেয়ে বেশি দাম- ১৪০ টাকায় কোনো বিনিয়োগকারী যদি স্কয়ার ফার্মার একটি শেয়ার কিনে থাকেন এবং বিক্রি না করে থাকেন, তাহলে তার ওই শেয়ারে মুনাফা হয়েছে ১১৭ টাকা।
এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান বিনিয়োগ কর্মকর্তা এমরান হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওষুধ খাতে বেশ কয়েকটি কোম্পানি ভাল করছে। বিশেষ করে যেগুলো বড় বাজার মূলধনের কোম্পানি- যেমন স্কয়ার ফার্মা, গ্লাক্সোস্মিথ ক্লেইন, এসিআই অথবা বেক্সিমকো ফার্মা- সবার মুনাফার হার ভালো।”
এমরানের মতে, এসব কোম্পানি নিয়মিত বড় বিনিয়োগ করে বাণিজ্য সক্ষমতা বাড়াচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি রপ্তানি বাড়াতে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়াচ্ছে।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ওষুধ রপ্তানি শুরু হলে পুঁজিবাজারে এ খাতের অবদান আরও বাড়বে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সব মিলিয়ে নতুন আশা জাগিয়েছে ওষুধ খাত। পুঁজিবাজারেও শক্ত অবস্থান করে নিচ্ছে। মন্দার মধ্যেও বাড়ছে এ খাতের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দাম।”
গতবছর জুনে বাংলাদেশের স্কয়ার ও বেক্সিমকো ফার্মার ওষুধ কারখানা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদন পায়। শিগগিরই ইনসেপটাও এই সুযোগ পাচ্ছে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সরকার সহায়তা দিলে এবং রপ্তানিকারকরা আন্তরিক হলে যুক্তরাষ্ট্রের বাজারেই বছরে ১০০০ কোটি ডলারের বেশি ওষুধ রপ্তানি করা সম্ভব বলে মনে করেন ফরাসউদ্দিন।
গ্লোব ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান হারুনুর রশিদও বিশ্বাস করেন, সামনে বাংলাদেশের ওষুধ শিল্পের জন্য আরও সুদিন অপেক্ষা করছে।
“পুঁজিবাজারে ওষুধ খাতের শেয়ারে বুঝে-শুনে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা লাভবানই হবেন,” বলেন তিনি।
ডিএসই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ওষুধ ও রসায়ন শিল্প খাতে তালিকাভুক্ত আছে মোট ২৭টি কোম্পানি। গেল বছর সবগুলো কোম্পানি মিলে মুনাফা করেছে ১ হাজার ৫০৯ কোটি ৫৬ লাখ টাকা ।
এর মধ্যে ৯০ শতাংশই করেছে নয়টি কোম্পানি। বাকি ১৮টি কোম্পানি মিলে করেছে বাকি ১০ শতাংশ মুনাফা।
স্কয়ার ফার্মা একাই ৫৯৮ কোটি ৩৮ লাখ টাকা মুনাফা করেছে। এই অংক ২০১৫ সালে ওষুধ ও কেমিকেল খাতে পুঁজিবাজরে তালিকাভুক্ত ২৭টি কোম্পানির মোট মুনাফার প্রায় ৪০ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা করেছে রেনেটা ফার্মা, ১৬৮ কোটি ৭৫ লাখ টাকা। টাকার এই অংক এ খাতের মোট মুনাফার ১১ দশমিক ১৮ শতাংশ।
বেক্সিমকো ফার্মা মুনাফা করেছে ১৫২ কোটি ৮৩ লাখ টাকা। মারিকো ১৩৪ কোটি ৪৮ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৯৯ কোটি ৪১ লাখ টাকা, গ্লাক্সোস্মিথ ক্লেইন ৮২ কোটি ৬৮ লাখ টাকা, এসিআই ৫৭ কোটি ৩৫ লাখ টাকা, অ্যাক্টিভ ফাইন ৩৫ কোটি ৯২ লাখ টাকা এবং ফার কেমিকেলস ২৯ কোটি ৮৫ লাখ টাকা মুনাফা করেছে।
এশিয়ান টাইগার ক্যাপিটালের এমরান হাসান বলেন, “ওষুধ খাত একটি দিক দিয়ে অন্য খাতগুলো থেকে আলাদা। গার্মেন্ট খাতে অনেক সময় শ্রমিক বিক্ষোভ হয়। ব্যাংক খাতে আছে খেলাপি ঋণের সমস্যা। কিন্তু ওষুধ খাত এ ধরনের অনেক ঝুঁকি কম।”
অবশ্য ওষুধ খাতের এমন কিছু কোম্পানি পুঁজিবাজারে রয়েছে, যাদের দেশের বাজারে তেমন উপস্থিতি নেই, বিদেশেও রপ্তানি করে না। এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন এই বাজার বিশ্লেষক।
“এসব কোম্পানি কিন্তু ভালো করতে পারবে না। তাদের কোনো ভবিষ্যতও নাই,” বলেন এমরান হাসান।
বিশ্লেষণে দেখা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত এমবি ফার্মা পাঁচ বছর ধরে মুনাফা দেখাচ্ছে গড়ে ৭০ লাখ টাকার ঘরে। সর্বশেষ বছর মুনাফা দেখিয়েছে ৭৫ লাখ টাকার মতো। এ কোম্পানির মুনাফা বৃদ্ধির হার ১ শতাংশের নিচে।
লিব্রা ইনফিউশন পাঁচ বছর ধরে মুনাফা দেখাচ্ছে গড়ে ৬০ লাখ টাকার ঘরে। সর্বশেষ বছর মুনাফা দেখিয়েছে ৪৩ লাখ টাকার মতো। তাদের মুনাফা বছরে ৭ শতাংশ হারে কমছে।
বেক্সিমকো সিন্থেটিক পাঁচ বছর ধরে মুনাফা দেখাচ্ছে গড়ে ৩ কোটি ১০ লাখ টাকা। গত বছর লোকসান দেখিয়েছে ২ কোটি ৬৬ লাখ টাকার মতো।
ইমাম বাটন পাঁচ বছরে গড়ে ১ কোটি ৩০ লাখ টাকা করে লোকসান করেছে। ২০১৫ সালে লোকসান দেখিয়েছে ১ কোটি ২৬ লাখ টাকার মতো। এ কোম্পানির মুনাফা প্রতি বছর প্রায় ১ শতাংশ হারে কমছে ।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কিছু কোম্পানি ছোট হলেও বেশ গোছানো। বিভিন্ন দিকে তারা একচেটিয়া ব্যবসা করে।
তালিকাভুক্ত ফার্মাএইড পাঁচ বছর ধরে মুনাফা দেখাচ্ছে গড়ে ১ কোটি ৫০ লাখ টাকার ঘরে। গতবছর মুনাফা দেখিয়েছে ২ কোটি ৫৫ লাখ টাকা। প্রতি বছর তাদের মুনাফা বাড়ছে গড়ে প্রায় ৭২ শতাংশ হারে।
সেন্ট্রাল ফার্মা পাঁচ বছর ধরে গড়ে ৮ কোটি ৫০ লাখ টাকা মুনাফা দেখাচ্ছে। গত বছর মুনাফা দেখিয়েছে ১৪ কোটি ৩৪ লাখ টাকার মতো। মুনাফা বৃদ্ধির হার প্রায় ১০০ শতাংশ।
গত পাঁচ বছরে জেএএমআই এর মুনাফা গড়ে ২ কোটি ৫০ লাখ টাকার মতো। গতবছর এ কোম্পানি মুনাফা দেখিয়েছে ৪ কোটি ৯০ লাখ টাকা। বছরে মুনাফা বাড়ছে প্রায় ৬১ শতাংশ হারে।
বিকন ফার্মা পাঁচ বছর ধরে মুনাফা দেখাচ্ছে গড়ে ৫ কোটি ২০ লাখ টাকা। গতবছর মুনাফা করেছে তিন কোটি ৮৬ লাখ টাকা। তাদের মুনাফা বৃদ্ধির হার ২৬ শতাংশের মতো।
এছাড়া এএফসিএগ্রো ৩৩৩ শতাংশ, গ্লোবাল হেভি কেমিকেলস ১১২ শতাংশ, অ্যাক্টিভ ফাইন ৯৯ শতাংশ হারে মুনাফা বাড়িয়েছে।
পুঁজিবাজারে পিই রেশিও থেকে বিনিয়োগকারীদের আগ্রহের দিকটি বোঝা যায়। সেই সঙ্গে তার বিনিয়োগের টাকা দ্বিগুণ হতে কতো সময় লাগতে পারে সে ধারণাও করা যায়।
একজন বিনিয়োগকারী যদি ১০০ টাকা দিয়ে একটি শেয়ার কেনেন এবং তার পিই যদি হয় ২০, তাহলে বোঝা যায়, ওই কোম্পানির শেয়ার মুল্য বেড়ে দ্বিগুণ হতে ২০ বছর সময় লাগবে।
বাজার বিশ্লেষকরা বলছেন, কোনো শেয়ারের পিই ৪০ এর বেশি হলে ধরে নিতে হবে- ওই কোম্পানি ঝুঁকির মধ্যে আছে।
রোববার ফার কেমিকেলসের পিই ছিল ৬ দশমিক ৪। ওরিয়ন ফার্মার ৯ দশমিক ৪৮। সব মিলিয়ে ওষুধ ও রসায়ন খাতের ২৭টি কোম্পানির মধ্যে ২০টির পিই ৪০ এর নিচে।
শিগগিরই পুঁজিবাজারে যোগ দিচ্ছে ওষুধ খাতের আরেকটি বড় কোম্পানি- একমি ল্যাবরেটরিজ লিমিটেড। আগামী কয়েক মাসের মধ্যে একমির শেয়ার বাজারে আসবে বলে ডিএসইসির ওয়েবসাইটে ঘোষণা দেওয়া হয়েছে।
