পুঁজিবাজার গবেষণার তথ্য এখন বিডিনিউজ টোয়েন্টিফোরে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাব (আরআইএল), যার ফলে পুঁজিবাজার নিয়ে এই গবেষণা সংস্থার নানা বিশ্লেষণ স্থান পাবে বাংলাদেশের বৃহত্তম এই সংবাদ পোর্টালে।
রয়েল ক্যাপিটাল লিমিটেডের স্বাধীন গবেষণা ইউনিট আরআইএল নিজস্ব পদ্ধতিতে পুঁজিবাজারের পাশাপাশি বাংলাদেশ ও দেশের বাইরের অর্থনীতি ও ব্যবসা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে গবেষণা চালিয়ে থাকে।
শনিবার স্বাক্ষরিত চুক্তির আওতায় আরআইএল তার নিজস্ব সব গবেষণাকর্মের বিস্তারিত ফলাফল নিয়মিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সরবরাহ করবে, যা প্রকাশিত হবে অর্থনীতি, বাণিজ্য এবং অর্থ ও পুঁজিবাজার পাতায়।
এর মধ্য দিয়ে বাংলাদেশে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা বিনিয়োগ বিষয়ক বিস্তারিত জ্ঞান অর্জন এবং বাজার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে এবং এটা বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে বলে আরআইএল কর্মকর্তারা মনে করেন।
চুক্তিতে সই করছেন অনিন্দ্য রহমান এবং সুবর্ণ বড়ুয়া
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উপ-ব্যবস্থাপনা সম্পাদক অনিন্দ্য রহমান এবং আরআইএলের পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষক সুবর্ণ বড়ুয়া।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশে পুঁজিবাজার ও অর্থনীতি সম্পর্কিত গবেষণা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এই ধরনের সমঝোতা চুক্তি এটাই প্রথম।
