বিক্রির চাপে পুঁজিবাজারে দরপতন
সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক এবং লেনদেন কমেছে।কয়েকটি শেয়ারের দাম বাড়ায় বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবনতায় এই দরপতন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদির চৌধুরী বলেন, “বেশ কিছু শেয়ারের দাম অনেক বেড়েছিল। ফলে অনেক বিনিয়োগকারী মুনাফা পেতে শেয়ার বিক্রি করে দিয়েছেন, বিক্রির চাপে বাজারে দরপতন হয়েছে।”
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেখা গেছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ারের শেয়ার বিনিয়োগকারীরা ৫ জানুয়ারি কিনেছিলেন ১৫০ টাকায়।
তারা এ শেয়ার বুধবার বিক্রি করতে পেরেছেন ১৬২ টাকায়। অর্থাৎ মাত্র ১৫ দিনে ৮ শতাংশ মুনাফা হয়েছে, যা বছরে ২০৮ শতাংশ মুনাফার সমান ।
বুধবারে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭০ পয়েন্ট হয়েছে।
এদিন ডিএসইতে ৬৬৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪ শতাংশ কম।
লেনদেনে থাকা ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৪১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৯৯ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৫৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।
বুধবার ইউনাইটেড পাওয়ারের শেয়ার ছিল লেনদেনের শীর্ষে ।
