২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় উল্লম্ফনে পুঁজিবাজারে সেঞ্চুরি পার

এর আগে একদিনে সূচকে ১৪৩ পয়েন্ট যোগ হয়েছিল ২০২১ সালের ১ ডিসেম্বর। এরপর সূচক একদিনে এতটা বাড়েনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2024, 08:35 PM

Updated : 26 Aug 2026, 09:55 AM

’মন্দাভাব’ কাটানোর আভাসের মধ্যে দীর্ঘদিন পর দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে সূচকে বড় ‍উল্লম্ফন হয়েছে; একদিনেই প্রধান সূচক বেড়েছে ১২৩ পয়েন্টের বেশি।

আগের কয়েকদিন অল্প অল্প করে সূচক ইতিবাচক থাকার মধ্যে বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকেই বাড়তে থাকে সূচক, যা এক পর্যায়ে ১৩১ পয়েন্ট পর্যন্ত বেড়েছিল। শেষের দিকে সমন্বয়ের জন্য শেয়ার বিক্রির পরিমাণ বাড়লে ডিএসইএক্স ১২৩ পয়েন্ট বেড়ে দিন শেষ হয়।

দিনভর সূচকের উত্থান প্রবণতা বিনিয়োগকারীদের আশাবাদী করলে বিক্রির চেয়ে শেয়ার কেনার বাড়লে তা সূচককে ঊর্ধ্বমুখী রাখে; লেনদেন বাড়াতেও যা ভূমিকা রাখে।

গত ৩১ মাসের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ সূচকের উত্থান। এর আগে ডিএসইতে একদিনে সূচকে ১৪৩ পয়েন্ট যোগ হয়েছিল ২০২১ সালের ১ ডিসেম্বর। এরপর সূচক একদিনে এতটা বাড়েনি। 

এদিন দিন শেষে ডিএসইএক্সের অবস্থান ছিল ৫ হাজার ৪৯৭ পয়েন্টে। গত ১৬ মে এর পরে এটিই সূচকের সর্বোচ্চ অবস্থান। সেদিন সূচক উঠেছিল ৫ হাজার ৫১৭ পয়েন্টে। এর পরে মাঝে ১১ জুন সূচক ৫ হাজার ৭০ পয়েন্টে নেমে এসেছিল।

ডিএসইতে একই সঙ্গে এদিন লেনদেনও গতি পায়। দিন শেষে ৭৭০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। গত ১৩ মে এর পর এত পরিমাণ লেনদেন আর হয়নি। সেদিন লেনদেন হয়েছিল ৯৬৮ কোটি টাকার।

এ নিয়ে সদ্য শুরু হওয়া ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন দিন ‍সূচক ইতিবাচক থাকল; টানা দরপতনের মধ্যে পুঁজিবাজারে এতে করে সূচক ফিরে পেল ১৬৯ পয়েন্ট।

নানা কারণে বেশ কিছু দিন থেকে দরপতনের বৃত্তে থাকা পুঁজিবাজারে মে ও জুন মাসে মন্দাভাব দেখা দেয়। নতুন করে মূলধনী মুনাফায় কর বসানোর প্রস্তাব ও পরিচালকদের শেয়ার হস্তান্তরে উৎসে কর বাড়ানোর খবরে আবার দরপতন শুরু হয়। কয়েকবছর পর অর্থমন্ত্রী বাজেটে ৫০ লাখ টাকার বেশি মুনাফার ওপর কর ফিরিয়ে আনেন।

টানা দরপতন ও লেনদেনে খরার মধ্যে বিনিয়োগকারীদের এমন মনস্তাত্বিক অবস্থায় গত ১২ জুন থেকে পুঁজিবাজারে ধীরে ধীরে অংশগ্রহণ বাড়তে থাকে, শেয়ারগুলো হারানো দর একটু একটু করে ফিরে পেতে থাকে। সেই ধারাবাহিতকায় সপ্তাহের শেষদিনে সূচকে উল্লম্ফন হল।

একদিনে এত বড় উত্থানের কারণ হিসেবে সূচকের ‘বাউন্স ব্যাংক’ মনে করছেন ডিএসই ব্রোকার্স অ্যসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘গত মে মাস থেকেই বাজেটের নানা প্রস্তাবনার কারণে ও তার আগ থেকেই সূচকে পতন হয়েছিল। পুরনো পতনের ধারা মিলিয়ে সূচক যত নেমেছিল, আর কত নামবে? এখন সেই হারানো সূচকের কাছে যেতে বাউন্স ব্যাক করেছে। এটা হবে আমরা বলে আসছিলাম।’’

তিনি বলেন, ‘‘রিজার্ভ পরিস্থতি ভালো হওয়া, কয়েকটি প্রকল্পে বিদেশি বড় ঋণের খবর আছে অর্থনীতিতে। এরসঙ্গে কর ইস্যুর বিষয়টি নিষ্পত্তি হওয়ায় বিনিয়োগকারীরা বাজার থেকেই মুনাফা বের করতে নতুন বিনিয়োগ করছেন। এসব কিছুর প্রভাবে লেনদেন ও সূচক বেড়েছে।’’

টানা বাড়ল সূচক

অন্যান্য দিনে যেখানে প্রধান সূচকে ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়, সেখানে এদিন মাত্র দুইবার সূচক কিছু সময়ের জন্য স্থির ছিল। এর মধ্যে একবার ৫ পয়েন্ট সমন্বয় করে নিম্নমুখী হলেও এরপর শুধু সামনেই এগিয়েছে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স। বেলা সোয়া ২টা পর্যন্ত টানা বেড়েছে সূচক, এরপর সমন্বয়ের পর সূচক ৫ হাজার ৪৯৭ পয়েন্টে শেষ হয়।

প্রধান সূচকের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে ডিএসইর অন্য দুই সূচকও। শরীয়াহ সূচক ডিএসইএস ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৮ পয়েন্ট হয়। তালিকাভূক্ত কোম্পানির মধ্যে ‘সেরা’ ৩০টি নিয়ে গঠিত ডিএস৩০ সূচকও ৩৮ পয়েন্ট বেড়ে লেনদেন করছে ১ হাজার ৯৫১ পয়েন্টে।

লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দর এগিয়ে ছিল ৩৬৫ টির, কমে ১৩ টির ও আগের দরে লেনদেন হয় ১৮টি প্রতিষ্ঠানের।

কোন খাতের কী অবস্থা 

ডিএসইর লেনদেন টানা তৃতীয় দিনের মত বাড়াতে এদিন সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ওষুধ ও রসায়ন খাত। দিন শেষে মোট লেনদেনের ১৭ শতাংশ অবদান রাখে এ খাতে তালিকাভূক্ত ৩৩টি কোম্পানি। লেনদেনে আসা কোম্পানির মাত্র ৩টির শেয়ার দর কমে।

লেনদেনে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা বস্ত্র ও প্রকৌশল খাতের কোম্পানিগুলোও বড় ভূমিকা রেখেছে।

এদিন দর বাড়ার সর্বোচ্চ সীমা বা সার্কিট ব্রেকার অনুযায়ী ১০ শতাংশ দর বেড়েছে আর্থিক খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্সের। ৬০ পয়সা দর বা বেড়ে কেনাবেচা হয় ৬ টাকা ৬০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ ১০ শতাংশ দর বেড়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের। আগের দিন ২১ টাকা লেনদেন হওয়া কোম্পানিটির এরচেয়ে বেশি দর বাড়া সম্ভব ছিল না। সবশেষ হাত বদলের সময়ে দর ছিল ২৩ টাকা ১০ পয়সা।

এছাড়া প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আফতাব অটো, সিলকো ফার্মা, খান ব্রাদার্স পিপি ওভেন কোম্পানি, দেশবন্ধু পলিমান, এসকোয়ার নিট কম্পোজিট, আমান কটোন ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থার নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন কোনো কোম্পানির শেয়ারদর ৩ শতাংশের বেশি কমতে পারে না। লেনদেন শেষে দর পতনে শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, নিউ লাইফ ক্লোথিংস ও ক্যাপিটেক গ্রামিন ব্যাংক গ্রোথ ফান্ড।