২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে ৫ বছর নিষিদ্ধ তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার

তানিয়া শারমিন ছিলেন সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা। এএফসি ক্যাপিটাল লিমিটেডে ছিলেন মাহবুব মজুমদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 10:03 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

অনিয়মে জড়িত থাকার অভিযোগে দুই ইস্যু ম্যানেজমেন্ট ফার্মের সাবেক দুই প্রধান নির্বাহী কর্মকর্তাকে পুঁজিবাজারে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রিং শাইন টেক্সটাইলসের ‘প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার’ জালিয়াতির অভিযোগে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি।

নিষেধাজ্ঞার মুখে পড়া দুজন হলেন— তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার। এদের মধ্যে তানিয়া শারমিন ছিলেন ইস্যু ম্যানেজমেন্ট কোম্পানি ‘সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের’ প্রধান নির্বাহী কর্মকর্তা।

অন্যদিকে এএফসি ক্যাপিটাল লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন মাহবুব মজুমদার। 

এই দুজনের বিরুদ্ধে কমিশনের অভিযোগ, তারা রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের ‘আইপিও প্রসপেক্টাসে’ এবং ‘ডিউ ডিলিজেন্স সার্টিফিকেটে’ মিথ্যা তথ্য দিয়ে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করেছেন। এ অভিযোগে তাদের সনদ বাতিলের সিদ্ধান্তও নিয়েছে কমিশন।

সোমবার বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১০ টাকা মূল্যের ২৭ কোটি ৫১ লাখ ৪ হাজার ৮২০টি শেয়ার ইস্যু করে। এর মাধ্যমে ২৭৫ কোটি টাকা মূলধন বাড়িয়ে নেয় তারা।

বিএসইসি বলছে, কোম্পানিটি পরিশোধিত মূলধন ৯ কোটি ৯৫ লাখ টাকা থেকে ২৮৫ কোটি ৫ লাখ টাকায় উন্নীত করে। পরবর্তী সময়ে অর্থ জমা না রেখেই তাদের বিরুদ্ধে প্রাইভেট প্লেসমেন্টে শেয়ার ইস্যু করার সত্যতা পাওয়া যায়। 

এই অনিয়মের বিরুদ্ধে নিজেদের পাঁচটি সিদ্ধান্ত তুলে ধরে বিএসইসি বলছে, ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য উল্লেখ করায় রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের উদ্যোক্তা, তৎকালীন সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকসহ ৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দেওয়া হয়েছে। 

প্রি-আইপিও প্লেসমেন্টের সময়ে কারসাজি করে অর্থ লোপাটের দায়ে রিং শাইনের তৎকালীন সিএফও (প্রধান অর্থ কর্মকর্তা) ও কোম্পানি সচিবের বিরুদ্ধেও ব্যবস্থা নিতেও দুদকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

এছাড়া ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তও নিয়েছে বিএসইসি। এদের মধ্যে কোম্পানিটির সেই সময়ের উদ্যোক্তাসহ সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক, সিএফও ও কোম্পানি সচিবের পাশাপাশি আব্দুল কাদের ফারুক ও অশোক কুমার চিরিমারও রয়েছেন। অশোক কুমার চিরিমাকে ভারতীয় নাগরিক বলে শনাক্ত করেছে কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিং শাইন টেক্সটাইলসের শেয়ার প্লেসমেন্ট সংক্রান্ত যে দুর্নীতি হয়েছিল, তার মূলহোতা আব্দুল কাদের ফারুক ও অশোক কুমার চিরিমার। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি দুদকে পাঠাবে দুদক।

রিং শাইন টেক্সটাইলের বিষয়ে কমিশন বলছে, ২০১৫-১৬ থেকে শুরু করে টানা পাঁচ অর্থবছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের নিরীক্ষাকারি প্রতিষ্ঠান মিথ্যে তথ্য প্রত্যয়ন করায় তাদের বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

নিরীক্ষক প্রতিষ্ঠানগুলো হল— আহমেদ অ্যান্ড আকতার চার্র্টাড অ্যাকাউন্ট্যান্টস, সিরাজ খান বসাক অ্যান্ড কো. চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, মাহফেল হক অ্যান্ড কো. চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ও আতা খান অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। 

কমিশন বলছে, তাদের একই সভায় প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের বিরুদ্ধে মার্জিন ঋণের মাধ্যমে ২৯৬ কোটি টাকার আর্থিক অনিয়ম সংক্রান্ত পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

প্রতিষ্ঠানগুলোর তৎকালীন পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি পরিদর্শন প্রতিবেদন দুদকে পাঠিয়েছে কমিশন।