পুঁজিবাজারে সংস্কার: ‘রোডম্যাপ’ তৈরিতে অংশীজনদের ডাকল বিএসইসি
সরকার পতনের পর চার কর্মদিবসে ডিএসইর সার্বিক সূচক ৭৮৬ পয়েন্ট বেড়ে গেলেও পরে টানা পতন হচ্ছে। ১২ অগাস্টের পর বাজার মূলধন কমেছে ২৭ হাজার কোটি টাকার বেশি।
ক্রমাগত দরপতনে বিনিয়োগকারীদের হতাশা ও ক্ষোভের মধ্যে পুঁজিবাজারের উন্নয়নে সম্ভাব্য ‘সংস্কারের রোডম্যাপ’ ঠিক করতে অংশীজনদের নিয়ে বৈঠকের ঘোষণা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি।
শনিবার এক বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, আগামী সোমবার থেকে এই সভা শুরু হবে।
প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই, চিট্টাগং স্টক এক্সচেঞ্জ-সিএসই, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড-সিডিবিএল, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড-সিসিবিএল, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট-বিআইসিএম, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস-বিএএসএম ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড-সিএমএসএফ এর শীর্ষ নির্বাহীদের ডাকা হয়েছে।
১ অক্টোবর ব্রোকার-ডিলারদের সংগঠন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন-ডিবিএ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন-বিএমবিএ, অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ড, এএএমসিএমএফ, অ্যাসোসিয়েশন অব ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ-এসিআরএবি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ-বিএপিএলসি, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল-এফআরসি ও ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ-আইসিএবি এর সঙ্গে বৈঠক হবে।
মন্ত্রণালয়, বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, পুঁজিবাজার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন, চেম্বার, এজেন্সি এবং বিনিয়োগকারীদের সংগঠনের সঙ্গে পুঁজিবাজারের সার্বিক সংস্কারের বিষয়ে মত বিনিময় সভা করবে বিএসইসি।
গত ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে বিএসইসির দায়িত্বে আসেন খন্দকার রাশেদ মাকসুদ।
সরকার পতনের পর চার কর্মদিবসে ডিএসইর সার্বিক সূচক ৭৮৬ পয়েন্ট বেড়ে গেলেও পরে টানা পতন হচ্ছে।
১১ অগাস্ট ডিএসইএক্সের সূচক ৬ হাজার ১৫ পয়েন্ট হলেও এখন তা ৫ হাজার ৭৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে, সূচক কমেছে ২৭৮ পয়েন্ট।
ইসলামী ব্যাংক ছাড়াও ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস, গ্রামীণ ফোন, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানি, ব্র্যাক ব্যাংকের মতো কিছু কোম্পানির শেয়ারদর অনেকটাই বেড়েছে, যেগুলো সূচকে প্রভাব রাখে অনেকটাই।
এর বিপরীতে বেশিরভাগ কোম্পানির ব্যাপক দরপতন ঘটছে, যে কারণে সূচক পৌনে তিনশ পয়েন্ট কমলেও বিনিয়োগকারীর আর্থিক ক্ষতি আসলে অনেক বেশি।
সরকার পতনের পর চারদিনের উত্থানের পর দেড় মাসেই বাজার মূলধন কমেছে ২৭ হাজার ৭৩২ কোটি টাকা। বড় মূলধনি কিছু কোম্পানির উত্থান না হলে এই ক্ষতি আরও অনেক বড় হত।
এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা দিশাহীন। অংশীজনদের পক্ষ থেকে একাধিকবার আলোচনায় বসার আহ্বানও উপেক্ষিত হয়ে আসছে।
বিএসইসি বলেছে, ‘‘সংস্কারের চলমান প্রক্রিয়া অনুসরণ করে দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের মতামত, অংশগ্রহণ ও সহযোগিতায় একটি স্বচ্ছ ও সমৃদ্ধ পুঁজিবাজার গড়ে তুলতে বিএসইসি বদ্ধ পরিকর।’’
পুঁজিবাজারের অনিয়ম দূর করতে কমিশন নিয়মিত মনিটরিং, সার্ভেইল্যান্স, রেগুলেটরি কমপ্লায়েন্সসহ বাজারের কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী তড়িৎ ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
