২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসইসির সক্ষমতা বাড়াতে জোর আইএমএফের

বন্ড ছেড়ে আবাসন খাতের উদ্যোক্তাদের পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহে সুযোগ সৃষ্টির প্রস্তাব আইএমএফের।

বিএসইসির সক্ষমতা বাড়াতে জোর আইএমএফের

ঢাকা সফরের দ্বিতীয় দিন মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়েছিলেন আইএমএফ প্রতিনিধিরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 09:12 PM

Updated : 07 Nov 2022, 09:30 PM

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। 

সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং কমিশনের অপর সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন আইএমএফের প্রতিনিধি দল। 

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মাদ রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুঁজিবাজার উন্নয়নে সাম্প্রতিক সময়ে নেওয়া বিভিন্ন সংস্কারের বিষয়টি আইএমএফ প্রতিনিধি দলকে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। প্রযুক্তির ব্যবহার বাড়ানো ও সংশ্লিষ্ট জনবলের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা “ 

বৈঠকে তিনটি বিষয় গুরুত্ব পায় - সাম্প্রতিক সময়ে বিএসইসির বাজার উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ, পুঁজিবাজারের ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল ও নিয়ন্ত্রণ এবং প্রযুক্তি খাতের (আইটি) প্রয়োজনীয় কাঠামো নির্মাণ ও বাস্তবায়ন। 

বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগের কার্যক্রমের কথাও আলোচনায় আসে। কমিশনের নেওয়া নীতি, সিদ্ধান্ত, অপরাধের জরিমানা, শাস্তি, আইন ও তার বিধিরসহ খুঁটিনাটি বিষয়ের বাস্তবায়ন কার্যক্রম তদারকি করে এ বিভাগ। এনফোর্সমেন্ট বিভাগের সক্ষমতা বাড়াতে আইএমএফ আরও তৎপর হতে বলেছে বলে বিএসইসি কর্মকর্তারা জানান। 

রেজাউল করিম বলেন, বন্ড মার্কেট উন্নয়ন ও বিএসইসির সক্ষমতা বৃদ্ধি নিয়েও আলোচনা হয়েছে। বর্তমানে বিএসইসির আইটি খাতের উন্নয়নে বিশ্ব ব্যাংকের সহায়তায় একটি প্রকল্প বাস্তবায়ন চলছে। সেই প্রকল্পেও যুক্ত হতে পারে আইএমএফ। 

কমিশনের সদস্যরা আইএমএফের প্রতিনিধি দলকে জানায়, পুঁজিবাজার উন্নয়নে বিএসইসি পণ্য বৈচিত্র্যকরণ নিয়ে কাজ করছে। যার অংশ হিসেবে সম্প্রতি পরিবেশবান্ধব বন্ড ও সুকুক বন্ড বাজারে ছাড়া হয়েছে। এছাড়া কমোডিটি এক্সচেঞ্জ মার্কেট, এসএমএই প্ল্যাটফর্ম, বিকল্প লেনদেন ব্যবস্থা বা অলটারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) চালুর অপেক্ষায় রয়েছে। দীর্ঘদিন পরে লেনদেন শুরু হয়েছে সরকারি ট্রেজারি বিল ও বন্ডের। 

বৈঠকে পুঁজিবাজার থেকে আবাসন খাতের উদ্যোক্তাদের পুঁজি সংগ্রহের সুযোগ সৃষ্টি করতে প্রস্তাব দেয় আইএমএফ যা ‘রিয়েল স্টেট ইনভেস্টমেন্ট ডেরিভেটিভ প্রডাক্ট’ নামে পরিচিত হবে। 

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মাদ রেজাউল করিম বলেন, “বন্ড মার্কেট উন্নয়নের জন্য বিএসইসি কাজ করছে। বাজারের পণ্য বৈচিত্র্যকরণে রিয়েল স্টেট (আবাসন) খাতের জন্য বন্ড ছাড়াতে পারলে দুই পক্ষের জন্যই লাভবান হবে। বিষয়টি নিয়ে কাজ করবে কমিশন।’’ 

দেশের আবাসন খাত মূলত বেসরকারি পর্যায়ের উদ্যোক্তা নির্ভর। যাদের অর্থায়নের প্রধান উৎস হচ্ছে ব্যাংক। এছাড়া গ্রাহকের কাছ থেকে আগাম অর্থ নিয়েও ভবন তৈরি করে ফ্ল্যাট বুঝিয়ে দেয় তারা। অনেকেই ফ্ল্যাট বিক্রির সঙ্গে ব্যাংক ঋণেরও ব্যবস্থা করে দেয় গ্রাহকদের।

আবাসন খাতে অর্থায়নের সুযোগ হলে যথাসময়ে ভবন ও ফ্ল্যাট নির্মাণ সম্ভব হবে বলে মনে করছেন এ খাতের উদ্যোক্তারা। কম খরচে বিনিয়োগ পেলে নির্মাণ খরচও কমবে বলে মনে করছেন তারা। 

এ বিষয়ে দেশের আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাব-এর প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আবাসন খাতের জন্য আমরা চাই ন্যুনতম ১০ থেকে ১৫ বছরের জন্য দীর্ঘ মেয়াদে অর্থায়ন নেওয়ার সুযোগ। যা ব্যাংকের সুদহারের চেয়ে তুলনমূলক সাশ্রয়ী হবে। বিএসইসির চেয়ারম্যানের সঙ্গেও বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। এক্ষেত্রে আবাসন খাতের জন্য বন্ড ছাড়লে আমরা অর্থ নিতে পারব।’ 

বৈদেশিক মুদ্রার চলমান সংকটে বাংলাদেশের আবেদনে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ চুক্তির শর্ত ঠিক করতে আলোচনার জন্য ঢাকা সফর করছে আইএমএফ এর প্রতিনিধি দল। দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি তারা বৈঠক করছে সরকারের নীতি নির্ধারক ও অর্থনীবিদদের সঙ্গে। 

সোমবার এরই ধারাবাহিকতায় বিএসইসি, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে বৈঠক করে তারা। এসব বৈঠকে আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন সংস্থার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ। 

গত ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া আলোচনা শেষ হবে ৯ নভেম্বর।