২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৮৫% লভ্যাংশ দেবে ওয়ালটন

গত হিসাব বছরে মুনাফা কমার পাশাপাশি শেয়ার প্রতি আয় কমেছে ওয়ালটনের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 04:57 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

পুঁজিবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত টেক কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত অর্থবছরের জন্য ১৮৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৭৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। 

বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন বলেছে, ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য শেয়ার প্রতি ১৭ দশমিক ৫০ টাকা নগদ লভ্যাংশ এবং প্রতি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি বোনাস শেয়ার পাবেন রেকর্ড ডেটে শেয়ারধারী শেয়ারহোল্ডাররা। 

বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের ৪৬তম সভায় ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ দেওয়ার এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ওয়ালটন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন বলছে, ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৮ অক্টোবর ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। সেজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর। 

প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ হিসাব বছরে এ কোম্পানির মুনাফা হয়েছে ১ হাজার ৩৬ দশমিক ৬২ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের মুনাফা ছিল ১ হাজার ৩৫৬ দশমিক ৫৩ কোটি টাকা। 

২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানির রেভিনিউ হ্রাস পাওয়ার পাশাপাশি আর্থিক ব্যয় এবং বিতরণ খরচ বৃদ্ধির ফলে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪৪ দশমিক ৭৮ টাকা থেকে কমে ৩৪ দশমিক ২২ টাকা হয়েছে।

৩০ জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো’র (এনওসিএফপিএস) পরিমাণ আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে। 

কোম্পানির এনএভিপিএস পুনর্মূল্যায়নসহ ৩৯৯ দশমিক ৭৪ টাকা এবং পুনর্মূল্যায়ন ব্যতীত ২৮৮ দশমিক ২৯ টাকায় দাঁড়িয়েছে। যা আগের বছরের একই সময়ে পুনর্মূল্যায়নসহ ৩৭৯ দশমিক ৩০ টাকা এবং পুনর্মূল্যায়ন ব্যতীত ২৭৭ দশমিক ৮৬ টাকা ছিল। 

কোম্পানির এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৫৮ দশমিক ২০ টাকা; যা আগের বছরের একই সময়ে ৫৬ দশমিক ৯৬ টাকা ছিল।